রান্নাটা আজ জমল না

টি-টোয়েন্টি মানে মুখরোচক কোনো ফাস্ট ফুড। এ এমন এক খাবার, ঠিকমতো না জমলে পুরোটা বিস্বাদ লাগে। বিপিএলে আজ যেন এমনটাই হলো। দুটি ম্যাচেই ঠিক পয়সা উশুল হলো না দর্শকদের। ক্ষুধাটা রেখেই ফিরতে হলো। দিনের দ্বিতীয় ম্যাচ একতরফা লড়াইয়ে যেন ছাপিয়ে গেল প্রথমটাকে।
ম্যাচের যা একটু উত্তেজনা ছিল সবই কুমিল্লা ইনিংসের দ্বিতীয় ওভার। আগের ওভারেই জীবন পাওয়া লিটন দাস প্রথম বলে দুই রান পেলেন। দ্বিতীয় বলে আরেকটি সুযোগ দিলেন তাঁকে আউট করার, কিন্তু সেটা চার হলো। পরের বলেই সুইপ করতে গেলেন, সেটা ব্যাটের কোনায় লেগে ছক্কা। পরের বলে আবারও সুইপ শট খেলার চেষ্টা, এবারও মুশফিকের মাথার ওপর দিয়ে চার।
লিটন হয়তো ভাবলেন, দানে দান তিন-ই হোক না, পরের বলেও সুইপ করতে গেলেন। এবার কিন্তু ব্যাটে-বলে হলো, বলও গিয়ে পড়ল গ্যালারিতে। পরের বলেও সেটা করলেই হয়তো ভালো করতেন লিটন, কিন্তু লেগ সাইডে সরে গিয়ে মারতে গিয়ে ফরহাদ রেজার স্লোয়ারে বোল্ড।
২২ রান ও এক উইকেট-জমজমাট এক টি-টোয়েন্টি ওভার। কিন্তু তার ছাপ থাকল না ম্যাচে। ব্যাটিংয়ে যে এর আগে ব্যর্থতার চূড়ান্ত করে এসেছে রাজশাহী কিংস। ৭ উইকেটে মাত্র ১১৫ রানেই থেমে গেছে রাজশাহীর ইনিংস। ৯ উইকেট ও ২৯ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। ৩.৩ ওভারেই ২৩ রান তুলে ভালো শুরুও পেয়েছিল দলটি। ঠিক তখনই বাজে শট খেলে আউট হন মুমিনুল হক। এরপর থেকে ব্যাটসম্যানদের ধারাবাহিক পতন আর ঠেকাতে পারেনি রাজশাহী। ১০.১ ওভারে ৬৯ রান তুলতেই তারা হারায় ৫ উইকেট। আউট হন রনি তালুকদার, মুশফিকুর রহিম, জেমস ফ্রাঙ্কলিন ও মেহেদী হাসান মিরাজ।
রাজশাহীর হয়ে ক্যারিবীয় ওপেনার লেন্ডল সিমন্স শুরুতে যা একটু খেলেছেন। ১ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ২৩ বলে ৪০ রান করা সিমন্সের কপাল খারাপ। ৫.৪ ওভারে মাংসপেশিতে টান লাগায় ‘আহত অবসর’ হয়ে ফিরে যান তিনি। রাজশাহীর স্কোর তখন ২ উইকেটে ৪৮ রান। শেষ পর্যন্ত সিমন্সই রাজশাহীর সর্বোচ্চ স্কোরার। তিনি আউট হওয়ার পর টানা তিন ওভারে ৩ উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথ থেকে ছিটকে পড়ে মুশফিকের দল। নবম ওভারে আফগান লেগি রশিদ খানের শেষ বলে এক্সট্রা কভারে ক্যাচ দেন মুশফিক।
১৫ ওভার শেষে রাজশাহীর স্কোর ছিল ৬ উইকেটে ৯১। পরের ৩০ বল থেকে মাত্র ২৪ রান তুলতে পেরেছে মুশফিকের দল। ৩০ বলে ২৫ রান নিয়ে অপরাজিত ছিলেন ফরহাদ রেজা। তাঁর সঙ্গে শেষ পর্যন্ত উইকেটে ছিলেন মোহাম্মদ শামি (১০)। শেষ দিকে ফরহাদ রেজার ব্যাটই যা একটু টেনেছে রাজশাহীকে। নইলে আরও কম রানে থেমে যেতে হতো রাজশাহীকে। কুমিল্লার হয়ে ৩ উইকেট নেন নবী। তবে দুর্দান্ত বোলিং করেছেন রশিদ খান। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট তাঁর।
তাড়া করতে নেমে শুধু ওই লিটনকেই হারিয়েছে কুমিল্লা। ৯৭ রানের অপরাজিত জুটিতে ম্যাচ শেষ করে দিয়েছেন জস বাটলার (৫০*) ও ইমরুল কায়েস (৪৪*)।