শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ও এর বাইরে সকাল থেকেই ভিড় করল শত শত খুদে ক্রিকেটার। তাদের সারি স্টেডিয়াম এলাকা ছাড়িয়ে চলে গেছে কুমিল্লা জিলা স্কুলের প্রধান ফটক পর্যন্ত। বিসিবির উদ্যোগে ‘রবি ফাস্ট বোলার হান্ট’ উপলক্ষে কাল দিনব্যাপী এমন দৃশ্যই চোখে পড়েছে কুমিল্লা স্টেডিয়াম এলাকায়।
ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন নিয়ে এই যজ্ঞে অংশ নেয় ১ হাজার ১৭৯ জন খুদে ক্রিকেটার। নির্বাচিত হয়েছে তিনজন। ঘণ্টায় ১৩২ কিলোমিটার গতিতে বল করে ইয়াসিন মিশু ও ১২৭ কিলোমিটার গতিতে বল করে নির্বাচিত হয়েছে হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। প্রতিযোগিতায় সুমি আক্তার নামের এক নারী ক্রিকেটারও অংশ নেয়। ফাস্ট বোলার বাছাই পরিচালনা করেন বিসিবির কোচ মাহাবুব আলী জাকী। সঙ্গে ছিলেন মোহাম্মদ রাশেদ ও কুমিল্লা জেলা কোচ সারোয়ার জাহান।
এর আগে ফাস্ট বোলার অন্বেষণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, রবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসের সহসভাপতি ইকরাম কবিরসহ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।