কুম্বলেকে রেখে চলে গেলেন কোহলি

চ্যাম্পিয়নস ট্রফি ধরে রাখার অভিযানে নেমেছে ভারত। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ছড়িয়ে পড়েছে ভারতীয় দলে গৃহবিবাদের খবর। কোচ অনিল কুম্বলের সঙ্গে বিরাট কোহলির দূরত্ব স্পষ্ট হচ্ছে ক্রমেই।
বৃহস্পতিবার এজবাস্টনে অনুশীলন ছিল কোহলিদের। পরশু পাকিস্তানের বিপক্ষে তাঁদের ম্যাচ এখানেই। কিন্তু অনুশীলন মাঠ পছন্দ হয়নি কোহলির। মাঠ নাকি ভীষণ ছোট। সেখানে নেই পর্যাপ্ত নেট সুবিধা। লম্বা ক্যাচ অনুশীলনেও আছে সমস্যা। অনিল কুম্বলে অবশ্য এতে বিচলিত না হয়ে অনুশীলনের কিছু সরঞ্জাম নিয়ে রওনা দেন পিচের দিকে।
মাঠ নিয়ে ক্ষুব্ধ কোহলি কোচকে রেখে বের হন বিকল্প অনুশীলন মাঠের খোঁজে। দায়িত্বটা কোচের, অধিনায়কের নয়। কিন্তু ভারতীয় দলে কোহলিরই শাসন চলছে। কোচ সেখানে নিস্পৃহ, অধিনায়কই খুঁটিনাটি বিষয়ে বেশ সক্রিয়। এতে কোহলি-কুম্বলের দ্বন্দ্বের বিষয়টা স্পষ্ট দেখতে পাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। কোহলির মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়াটিও এসেছে আলোচনায়, কিছু সংবাদমাধ্যমের শিরোনামে।
যদিও ভারতীয় দলে গৃহবিবাদের আঁচ টের পাওয়া গিয়েছিল কোহলিরা ইংল্যান্ডে রওনা হওয়ার আগেই। হঠাৎ কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কুম্বলে আর কোহলির মতপার্থক্যের মূলে নাকি কুলদীপ যাদব। গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রাঁচিতে কুলদীপকে খেলাতে চেয়েছিলেন কুম্বলে। কিন্তু কোহলি রাজি না হওয়ায় পারেননি। ধর্মশালার শেষ টেস্টটা কাঁধের সমস্যার কারণে কোহলি খেলতে পারেননি। ভারতীয় অধিনায়ককে কিছু না জানিয়ে সেই ম্যাচে কুলদীপকে খেলান কুম্বলে। কুম্বলের ‘কর্তৃত্বপরায়ণ’ মনোভাবকে পছন্দ করছেন না কোহলি। সূত্র : ডেকান ক্রনিকল।