কুম্বলে-কোহলি সমস্যার মূলে কুলদীপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতপার্থক্য আছে কুম্বলে-কোহলির! ছবি: এএফপি
মতপার্থক্য আছে কুম্বলে-কোহলির! ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফির ঠিক আগ দিয়ে ‘গৃহবিবাদ’ নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর এমন গুরুত্বপূর্ণ এক প্রতিযোগিতার আগে ‘ঘরের কথা’ ফাঁস হয়ে যাওয়াতে মহাবিরক্ত ভারতীয় ক্রিকেট দল। কোচ অনিল কুম্বলে আর অধিনায়ক বিরাট কোহলির মধ্যে সমস্যা যদি থেকেও থাকে, সেটা দ্রুত সমাধানের তাগিদ এসেছে বোর্ডের কাছ থেকে। সমাধানে কাজও শুরু করে দিয়েছেন বোর্ডের উপদেষ্টা কমিটির দুই সদস্য সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, কুম্বলে আর কোহলির এই মতপার্থক্যের মূলে নাকি কুলদীপ যাদব। কুলদীপকে খেলানো নিয়েই নাকি এ সমস্যা। গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রাঁচিতে কুলদীপকে খেলাতে চেয়েছিলেন কুম্বলে, কিন্তু কোহলি রাজি না হওয়ায় পারেননি। ধর্মশালার শেষ টেস্টটা কাঁধের সমস্যার কারণে কোহলি খেলতে না পারায় তাঁর বদলি হিসেবে খেলানো হয় কুলদীপকে। কোহলি এ ব্যাপারে আগে থেকে কিছু জানতেন না। এটা অবাক করেছে কোহলিকে।
কেবল কোহলি নন, ভারতীয় দলের অন্য সিনিয়র খেলোয়াড়েরাও নাকি কুম্বলের বিপক্ষে এককাট্টা—ভারতীয় গণমাধ্যম অন্তত এমনটাই জানিয়েছে। তাঁরা কুম্বলের ‘কর্তৃত্বপরায়ণ’ মনোভাবে নাখোশ। ড্রেসিংরুমে নাকি মতপ্রকাশের স্বাধীনতা নেই।
অধিনায়ক কোহলিসহ সিনিয়ররা কোচের পদে না চাইলে কুম্বলের চাকরি করাটা খুব কঠিন হয়ে যাবে বলেই মনে করছেন সবাই। আগামী ৩০ জুন বিসিসিআইয়ের সঙ্গে কুম্বলের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা।
কুম্বলে যদি শেষ পর্যন্ত কোচের পদে না থাকেন, সে ক্ষেত্রে তাঁর উত্তরসূরি হিসেবে অনেকের নামই শোনা যাচ্ছে। এঁদের মধ্য রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ও আছেন। বীরেন্দর শেবাগের সঙ্গে শোনা যাচ্ছে অস্ট্রেলীয় কোচ টম মুডির নামও। দ্য হিন্দু।