শাস্ত্রী-সৌরভ বিতর্ক নিয়ে টেন্ডুলকার

কোচ হিসেবে নিয়োগ পেলেন অনিল কুম্বলে। আর এক চোট হয়ে গেল রবি শাস্ত্রী-সৌরভ গাঙ্গুলীর। ভারতীয় সাবেক ক্রিকেটারদের কেউ কেউ কথা বলেছেন কুম্বলের নিয়োগের পক্ষে। কেউ কেউ বিপক্ষে। তবে শচীন টেন্ডুলকার যা বলছেন, তাতে মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিদের যোগ্য কোচ হিসেবেই নিয়োগ পেয়েছেন কুম্বলে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে শচীন টেন্ডুলকার নিজেও ছিলেন কোচ নির্বাচন-প্রক্রিয়ায়। যোগ্য একজন লোকের হাতে প্রধান কোচের দায়িত্ব দিতে পেরে খুশি তিনি। ভারতীয় দলের এক সময়ের সতীর্থ কুম্বলেকে ক্রিকেটার এবং ব্যক্তি হিসেবে ‘চমৎকার’ আখ্যা দিয়ে টেন্ডুলকারের আশাবাদ, ভারতীয় দলকে বড় মঞ্চে কুম্বলে অনেক জয় এনে দিতে পারবেন। ‘সে চমৎকার খেলোয়াড়। লড়াকু প্রতিদ্বন্দ্বী, মাঠে সে কোনো আপস করে না। প্রতিটি মুহূর্ত জয় করতে চায়। প্রায় কুড়ি বছরের দীর্ঘ খেলোয়াড়ি জীবনে সে অনেক কিছুই শিখেছে। সবকিছুতেই তাঁর সেই অভিজ্ঞতা কাজে আসবে’—কোচ কুম্বলের প্রসংশায় টেন্ডুলকার।
ক্রিকেটে অনেক সময়ই এমন কঠিন মুহূর্ত আসে, যখন কোনো দলের খেলোয়াড়েরা কতটা মাথা ঠান্ডা রেখে খেলতে পারেন, তার ওপরই নির্ভর করে দলের সাফল্য। এই সময়গুলোয় কোচ অনিল কুম্বলের উপস্থিতি ভারতীয় দলের খুব কাজে আসবে বলে মনে করেন টেন্ডুলকার। কুম্বলের সঙ্গে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা থেকে সাবেক সতীর্থকে ‘দারুণ’ আখ্যা দিয়ে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘সে অনেক বড় ম্যাচ উইনার।’
কোচের কাছে শিষ্যরা শিখবেন—এটাই স্বাভাবিক। এখানে ভারতীয় ক্রিকেটারদের প্রতি টেন্ডুলকার পরামর্শ, ‘আমি খেলোয়াড়দের বলব, কুম্বলের কাছ থেকে জ্ঞান আদায় করে নাও।’
কুম্বলে কোচ হওয়ার রবি শাস্ত্রী কোচ হতে না পেরে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন সৌরভের ওপর। পরে সৌরভও তাঁর জবাব দিয়েছেন। এ সম্পর্কে প্রশ্ন করা হলে নিরাপদ দূরত্বেই হেঁটেছেন টেন্ডুলকার। পুরো ব্যাপারটাই তিনি এড়িয়ে যেতে চেয়েছেন গোপনীয়তাকে রক্ষাকবচ বানিয়ে। বলেছেন, ‘রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে যে কাজ করেছে, তা এক কথায় দারুণ। আমি তার সঙ্গে ক্রিকেট খেলেছি। আমি জানি, ক্রিকেটে তাঁর দৃষ্টিভঙ্গিটা কী। আর উপদেষ্টা কমিটির বৈঠকে কোচ নিয়োগে যে বিষয় নিয়ে আলাপ হয়েছে, সেগুলো সম্পূর্ণ গোপন। এসব নিয়ে আলোচনা না করাই উচিত।’ সূত্র: পিটিআই।