কুম্বলেই থাকছেন, না নতুন কেউ?
মেলবন্ধনটা গড়ে দিয়েছে আইপিএল। অস্ট্রেলিয়ানরা এখন ভারতের ক্রিকেটের নিয়মিত খোঁজখবর যেমন রাখছেন, তাঁদের ভালো-মন্দ নিয়েও কথা বলছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের দলটি কেমন হওয়া উচিত, কিছুদিন আগে সেটি নিয়ে পরামর্শ দিয়েছিলেন মাইকেল ক্লার্ক। এবার অস্ট্রেলিয়ার আরেক সাবেক অধিনায়ক রিকি পন্টিং মতামত দিয়েছেন ভারতের পরবর্তী কোচের বিষয়ে।
চ্যাম্পিয়নস ট্রফির পরই শেষ হবে অনিল কুম্বলের বর্তমান চুক্তির মেয়াদ। তবে এরই মধ্যে ক্রিকেট দলের নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কে হতে পারেন কুম্বলের উত্তরসূরি? পন্টিং নিজের দেশের কারও নাম বলেননি। তাঁর ভোট পড়েছে ভারতের সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের বাক্সে, ‘আমার মনে হয় না দ্রাবিড়ের চেয়ে ভালো প্রার্থী ভারত খুব বেশি খুঁজে পাবে। সে যদি দায়িত্ব নিতে আগ্রহী থাকে তাহলে ভালোই করবে। তার ক্রিকেট-জ্ঞান দারুণ। খুব অভিজ্ঞ সে আর তিন সংস্করণের ক্রিকেটই ভালো বোঝে।’
হঠাৎ করে কোচ চেয়ে বিজ্ঞপ্তি কেন? কুম্বলে থাকছেন না? ভারতীয় বোর্ড সেটি বলছে না। বরং সরাসরিই জানিয়েছে, কুম্বলে থাকতে চাইলে তাঁকে বাছাইপ্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কদিন আগে দলের ক্রিকেটার ও তাঁর নিজের বেতন বাড়ানোর প্রস্তাব করায় কুম্বলের ওপর খুশি নয় বিসিসিআই।
কুম্বলের অধীনে ভারত বেশ সফল। খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়াটাও দারুণ তাঁর। কোহলি কুম্বলের ব্যাপারে কী বলেন? খুবই সতর্ক উত্তর দিয়েছেন কোহলি, ‘এ বিষয়ে আমার কাছে খুব বেশি তথ্য নেই। এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য একটি কমিটি আছে। অতীতে যেভাবে কাজ হয়েছে, বোর্ড একই পদ্ধতিতে এগোচ্ছে।’ কোচ নির্বাচনের জন্য বিসিসিআইয়ের তিন সদস্যের কমিটিতে আছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ। কুম্বলেকেও বাছাই করেছিলেন এই ত্রিমূর্তি। ডেকান ক্রনিকলস, বিবিসি।