কুম্বলেকে ইতিহাস গড়তে দিতে চাননি ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ৭ ফেব্রুয়ারি ১৯৯৯। অনিল কুম্বলের জন্য এটি ছিল অবিস্মরণীয় এক দিন। ১৮ বছর আগের এই দিনে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার এক কীর্তি গড়েছিলেন ভারতের এই অফস্পিনার। দিল্লির সেই টেস্টে কুম্বলেকে ১০ উইকেট দিতে চাননি ওয়াকার ইউনিস। নিজে রানআউট হয়ে কুম্বলেকে রেকর্ড-বঞ্চিত করতে চেয়েছিলেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার।

৪২০ রান তাড়া করতে নেমে সাঈদ আনোয়ার ও শহীদ আফ্রিদির ব্যাটে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে ১০১ রান তুলেছিলেন তাঁরা। কিন্তু কুম্বলের বলে আফ্রিদি ফিরে গেলে ধস নেমেছিল পাকিস্তানের ইনিংসে। ওই ইনিংসে এরপর কী ঘটেছিল, তা সবারই জানা। একটা বিষয় এত দিন অনেকের কাছেই ছিল অজানা। চিরপ্রতিদ্বন্দ্বী দলের একজন ইতিহাস গড়ুক, তা-ও কিনা তাদেরই বিপক্ষে; এটা মেনে নিতে পারছিলেন না ওয়াকার।

দশম উইকেটে ওয়াকার ব্যাট করছিলেন আরেক সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরামের সঙ্গে। কুম্বলের আনন্দ মাটি করে দিতে চাওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন তাঁকে। ভারতীয় দৈনিক ডিএনএকে এমনটাই জানিয়েছেন আকরাম, ‘কুম্বলে ততক্ষণে ৯ উইকেট পেয়ে গেছে। ওয়াকার আর আমি ব্যাটিং করছিলাম। এমন সময় ওয়াকার আমার কাছে এসে বলল, “রানআউট হয়ে যাব নাকি?” যেন সে ১০ উইকেট না পায়।’

আকরামের দাবি, ওয়াকারের এই প্রস্তাবে তিনি রাজি হননি। ওয়াকারকে রানআউট না হওয়ার জন্য বুঝিয়ে নাকি বলেছিলেন, ‘আমি বলেছিলাম, এটা যদি তার ভাগ্যে লেখা থাকে, তাহলে তুমি তা নষ্ট করতে পারো না।’ জি নিউজ।

ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬.৩ ওভার বল করে ৭৪ রান দিয়ে ১০ উইকেট পেয়েছিলেন কুম্বলে!