কুম্বলেকে কোচ চান না কোহলিদের ১০ জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুম্বলে-কোহলি দুই দিকে! ফাইল ছবি
কুম্বলে-কোহলি দুই দিকে! ফাইল ছবি

কুম্বলের সঙ্গে কোনো সমস্যা নেই—কোহলি নিজে এ মন্তব্য করার পরও গুঞ্জন থেমে নেই। এবার জানা গেল, ভারতের জাতীয় দলে অন্তত ১০ জন আছেন, যাঁরা অনিল কুম্বলের অধীনে স্বস্তিবোধ করেন না। কুম্বলের কাজের ধরন নিয়ে যাঁরা নাখোশ। এ খবর প্রকাশ করেছে ভারতের ডিএনএ।

এই অখুশি খেলোয়াড়দের তালিকায় বিরাট কোহলি আছেন কি না, তা অবশ্য জানা যায়নি। যদিও কোহলি আর কুম্বলের মতবিরোধ চলছে বলেই প্রথমে খবর প্রকাশিত হয়। এরপর অবস্থান ব্যাখ্যা করেন ভারত অধিনায়ক।
কিছু একটা ঝামেলা যে চলছে, তা পরিষ্কার। মাত্র এক বছরের দায়িত্বে কুম্বলে প্রায় সবকিছুই জিতিয়েছেন দলকে। তাঁর চুক্তির মেয়াদ এমনিতেই বাড়ানোর কথা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভারপ্রাপ্ত প্রশাসনিক কমিটি নাকি সেই প্রক্রিয়া শুরুও করেছিল। কিন্তু এরই মধ্যে দলের একটা অংশ কুম্বলের ব্যাপারে নেতিবাচক অবস্থান নেওয়ার পর বিসিসিআই কোচের আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দেয়। কুম্বলেও আছেন সেই আবেদনকারীদের তালিকায়। কিন্তু জাতীয় দলের সিংহভাগ ক্রিকেটার যদি কুম্বলেকে না চান, বোর্ড নিশ্চয়ই জোর করে চাপিয়ে দিতে পারবে না কোনো সিদ্ধান্ত।
কুম্বলের ব্যাপারে খেলোয়াড়দের আপত্তির মূলে ব্যক্তিত্বের সংঘাত আছে কি না, তা-ও দেখা হচ্ছে। খেলোয়াড়দের অভিযোগ, কুম্বলের ম্যান ম্যানেজমেন্ট ভালো নয়। খেলোয়াড়দের ক্লান্তি-অবসাদ ও চোটের ব্যাপারে কুম্বলের অবস্থান খুবই কঠোর। এ ছাড়া কুম্বলে নাকি ঠিকভাবে তাদের সময়ও দেন না। এতটাই ব্যস্ত থাকেন সব সময়।
নতুন কোচ নিয়োগের আগে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী, মহাব্যবস্থাপক এমভি শ্রীধর ও ক্রিকেট পরামর্শক কমিটির (সিএসি) অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুলি ক্রিকেটারদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। সেখানেই কুম্বলে নিয়ে খেলোয়াড়দের এ অবস্থানের কথা বেরিয়ে এসেছে।
আজকালের মধ্যে ভারতের নতুন কোচের সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। চ্যাম্পিয়নস ট্রফি চলার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দিতে চায় বিসিসিআই। প্রথম ম্যাচে ভারত যেভাবে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে, তাতে অবশ্য মনে হচ্ছে না কোচ নিয়ে চলা এসব নাটক তাদের খেলায় কোনো প্রভাব ফেলেছে।
ডিএনএ এর আগে আরেক প্রতিবেদনে জানিয়েছিল, শুরু থেকেই কুম্বলের নিয়োগের ব্যাপারে প্রশ্ন ছিল কোহলির। তখনকার বোর্ড সচিব অজয় শিরকে কোহলিকে সিএসির সিদ্ধান্ত মেনে নিতে চাপ দিয়েছিলেন।