কুম্বলেকে পুরস্কারের যোগ্য ভাবে কোহলি ফাউন্ডেশন!

বিরাট কোহলি-অনিল কুম্বলে সম্পর্কের জমাট বরফ কি কিছুটা গলেছে? অথচ কিছুদিন আগেও দুজনের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল। কিন্তু এখনকার খবর হলো, কোহলি ফাউন্ডেশন আয়োজিত প্রথম ভারতীয় ক্রীড়া পুরস্কার জেতার দৌড়ে এগিয়ে আছেন অনিল কুম্বলে।
মানুষ হিসেবে দুজনই অনেকটা একই ধরনের। আত্মবিশ্বাসী, একরোখা এবং বিজয়ী। অথচ ব্যক্তিত্বের সংঘাতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক কোচ অনিল কুম্বলে একসঙ্গে কাজ করতে পারেননি। ভারতকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে তোলা এই সফল জুটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ব্যর্থতার পর আর একসঙ্গে কাজ করেননি।
অথচ কুম্বলে দায়িত্ব নেওয়ার পর তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে ছিলেন কোহলিসহ দলের সবাই। ২০১৬ সালের জুলাইয়ে কোহলি-কুম্বলে জুটির প্রথম মিশন ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২-০ ব্যবধানে অভিষেক সিরিজ জিতে একে একে তাঁরা হারিয়েছেন নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে। অথচ চ্যাম্পিয়নস ট্রফির সময়টাতেই কুম্বলের কোচিংয়ের ধরন নিয়ে প্রশ্ন তোলেন কোহলি। ফাইনালে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ান কুম্বলে।
বর্ষসেরা কোচসহ আরও ৮টি বিভাগে পুরস্কার দেবে কোহলি ফাউন্ডেশন। বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় ঠাঁই পেয়েছেন চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন ও হার্দিক পাণ্ডিয়া। তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ফুটবলের সুনীল ছেত্রী, হকির রুপিন্দর পাল সিং ও কাবাডির প্রদীপ নারওয়ালের বিপক্ষে।
ভারতীয় ক্রীড়া পুরস্কার জয়ে কুম্বলের প্রতিদ্বন্দ্বী বিশ্বেশ্বর নন্দী (জিমন্যাস্টিকস), বলবান সিং (কাবাডি), হরেন্দ্র সিং (হকি), বিজয় দাভেচার (গলফ)। বিচারক প্যানেলে রয়েছেন পি টি ঊষা, মহেশ ভূপতি, গোপিচাঁদ, অর্জুন হলপ্পার মতো কিংবদন্তিরা। পুরস্কারটির সার্বিক আয়োজনে আরএস গ্রুপের সঙ্গে রয়েছে বিরাট কোহলি ফাউন্ডেশন। সূত্র: ডেকান ক্রনিকলস।