কুম্বলের কীর্তি ঠেকাতে ওয়াকারের 'রানআউটে'র ছক!

অনিল কুম্বলের জন্য অবিস্মরণীয় এক দিন গতকাল। ১৮ বছর আগের এই দিনে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে নিজের নামটি লিখিয়ে নিয়েছিলেন ভারতের সাবেক এই লেগ স্পিনার। ১৯৯৯ সালের সেই দিল্লি টেস্টে কুম্বলেকে অবশ্য ১০ উইকেট দিতে চাননি ওয়াকার ইউনিস। নিজে রানআউট হয়ে কুম্বলের রেকর্ড আটকানোর কথা ভেবেছিলেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার।
৪২০ রান তাড়া করতে নেমে সাঈদ আনোয়ার ও শহীদ আফ্রিদির ব্যাটে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে ১০১ রান তুলেছিলেন তাঁরা। কিন্তু কুম্বলের বলে সেই টেস্টে ওপেনার হিসেবে আফ্রিদি ফিরে গেলে ধস নেমেছিল পাকিস্তানের ইনিংসে। ওই ইনিংসে এরপর কী ঘটেছিল তা সবারই জানা। একে একে সব কটি উইকেটই তুলে নেন কুম্বলে।
একটা বিষয় অনেকের কাছেই ছিল অজানা। চিরপ্রতিদ্বন্দ্বী দলের একজন ইতিহাস গড়ুক, তাও কিনা তাদেরই বিপক্ষে; এটা মেনে নিতে পারছিলেন ওয়াকার। কুম্বলের আনন্দ মাটি করে দিতে চাওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন সেই সময় তাঁর সঙ্গে উইকেটে থাকা পাকিস্তানের আরেক সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরামকে। ভারতীয় দৈনিক ডিএনএকে এমনটাই জানিয়েছেন আকরাম, ‘কুম্বলে ততক্ষণে ৯ উইকেট পেয়ে গেছে। ওয়াকার আর আমি ব্যাটিং করছিলাম। এমন সময় ওয়াকার আমার কাছে এসে বলল, “রানআউট হয়ে যাব নাকি?” যেন সে ১০ উইকেট না পায়।’
আকরাম দাবি করেছেন, ওয়াকারের এই প্রস্তাবে তিনি রাজি হননি। ওয়াকারকে রানআউট না হওয়ার জন্য বুঝিয়ে নাকি বলেছিলেন, ‘আমি বলেছিলাম, ‘এটা যদি তার ভাগ্যে লেখা থাকে, তাহলে তুমি তা নষ্ট করতে পারো না। তবে আমি তোমাকে নিশ্চিত করতে পারছি না যে কুম্বলেকে আমি উইকেট দেব না। অবশ্য আমিই কম্বুলেকে উইকেট উপহার দিয়ে এসেছিলাম!’
ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে কুম্বলের বোলিং ফিগার ছিল: ২৬.৩ ওভার, ৯ মেডেন, ৭৪ রান, ১০ উইকেট! টেস্ট ইতিহাসে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি আর আছে কেবল জিম লেকারের।