কুম্বলের চোখ দেশের বাইরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বাঘ, বাইরে বিড়াল। একটা সময় ভারতীয় ক্রিকেট দলের গায়ে লেগে গিয়েছিল এই তকমা। অবস্থা মাঝে কিছুদিন পাল্টেছিল, আবার যেন ফিরে এসেছে পুরোনো সেই ভূত। বিশেষ করে টেস্টে সম্প্রতি দেশের বাইরে ভারতকে সংগ্রামই করতে হচ্ছে। মাত্রই নিয়োগ পাওয়া ভারতের নতুন কোচ অনিল কুম্বলেকে ভাবাচ্ছে ব্যাপারটা। ভারতের সাবেক অধিনায়ক এমন একটা দল গড়ে তুলতে চান যে দলটি দেশের বাইরেও সমানভাবে সাফল্য পাবে।
দেশের বাইরে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগটা শুরুতেই পেয়ে গেছেন কুম্বলে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই জাতীয় দলে কোচিং ক্যারিয়ার শুরু হচ্ছে তাঁর। আপাতত এক বছরের জন্য নিয়োগ পাওয়া কুম্বলে এরপর অবশ্য দেশের মাটিতেই ব্যস্ত থাকবেন বাকিটা সময়।
পরশু নিয়োগ পাওয়ার পরপরই বিসিসিআইয়ের ওয়েবসাইটে নিজের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন কুম্বলে, ‘দেশের বাইরের রেকর্ডের দিকে নজর থাকবে। মানসিকতা বদলের কাজটা দেশে থেকেই শুরু করতে হবে। এখন দরকার সবার সঙ্গে বসে ছক কষা ও সেই পরিকল্পনা বাস্তবায়ন করে লক্ষ্যে পৌঁছানো।’
ইতিহাসের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া এই লেগ স্পিনার কাজ করতে চান পর্দার আড়ালে থেকেই। এ ক্ষেত্রে সাবেক দুই কোচ জন রাইট ও গ্যারি কারস্টেনকে আদর্শ মানছেন কুম্বলে, ‘আমি জন রাইট ও গ্যারি কারস্টেনের সঙ্গে কাজ করেছি। ওঁরা পেছনেই থাকতেন, তেমন একটা সামনে আসতেন না। আমিও চাই ঠিক এমন করে কাজ করতে। সামনে নয়, কাজ করতে চাই পেছনে থেকে।’
দায়িত্ব পাওয়ার পর দুই অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও কথা বলেছেন কুম্বলে। ভারতের টেস্ট অধিনায়ক কোহলি তো কুম্বলেকে অভিনন্দন জানিয়ে টুইটও করেছেন। রয়টার্স, ক্রিকইনফো।