কুম্বলের পেছনে থামতে চান অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে উইকেট শিকারে কুম্বলের পেছনে থাকতে চান অশ্বিন। ছবি: এএফপি
টেস্টে উইকেট শিকারে কুম্বলের পেছনে থাকতে চান অশ্বিন। ছবি: এএফপি

১৯৯৮ সালে একটি ঘটনা সবাইকে অবাক করেছিল। পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্টে ৩৩৪ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংসের ঘোষণা করে দিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক মার্ক টেলর। টেস্টে ডন ব্র্যাডম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩৪; তাই টেলরও তাঁর সঙ্গে ‘ব্র্যাকেটবন্দী’ থাকাকেই সম্মানের মনে করেছিলেন। সুযোগ থাকা সত্ত্বেও ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাননি অস্ট্রেলিয়ার সাবেক এই দলপতি।

ঠিক টেলরের মতো না হলেও ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিন যেন সাবেক টেলরের চেয়েও এক কাঠি সরেস। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট-শিকারি অনিল কুম্বলের পেছনে থেকেই ক্যারিয়ার শেষ করতে চান অশ্বিন।
ভারতের কুম্বলের যত ভক্ত রয়েছেন, অশ্বিন তাঁদের অন্যতম। ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নেওয়া কিংবদন্তি এ লেগ স্পিনারকে কোচ হিসেবেও পেয়েছিলেন তিনি। অশ্বিন যেভাবে এগোচ্ছেন, তাতে অনেকেরই ধারণা, একসময় তিনি কুম্বলেকেও টপকে যাবেন। কিন্তু স্বয়ং অশ্বিনেরই সে ধরনের কোনো ইচ্ছা নেই! গালফ নিউজকে এ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘অবশ্যই না। আমি কুম্বলের অনেক বড় ভক্ত, তাঁর দখলে রয়েছে ৬১৯ উইকেট। আমি ৬১৮ উইকেট পেলেই সন্তুষ্ট থাকব এবং যে ম্যাচে ৬১৮তম উইকেটটি পাব, সেটিই হবে আমার শেষ টেস্ট।’
১৮ বছরের ক্যারিয়ারে কুম্বলে টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট-শিকারি। আরও ছয় থেকে সাত বছর খেলার মতো ফিট থাকলে হয়তো কুম্বলের কাছাকাছি পৌঁছানোর স্বপ্ন পূরণ হতে পারে অশ্বিনের। ২০১১ সালে টেস্টে অভিষিক্ত অশ্বিনের বয়স এখনই ৩১ বছর। তবে টেস্টে দ্রুততম আড়াই শ উইকেট শিকারের রেকর্ড গড়া অশ্বিন কিন্তু এই মুহূর্তে কুম্বলের চেয়ে এগিয়ে! কীভাবে? ক্যারিয়ারের ৫২তম টেস্ট শেষে কুম্বলের ঝুলিতে ছিল ২৪৯ উইকেট। সে তুলনায় নিজ ‘প্রেরণা’র চেয়ে অশ্বিন এগিয়ে ৪৩ উইকেট ব্যবধানে। এ পর্যন্ত ৫২ টেস্টে অশ্বিনের শিকার যে ২৯২ উইকেট!