কুম্বলের সঙ্গে দ্রাবিড়-জয়াবর্ধনে
আইসিসি ক্রিকেট কমিটির পরবর্তী সভা হবে লর্ডসে। খেলোয়াড় ও আম্পায়ারদের নিয়ে গঠিত এই কমিটি আইসিসিকে বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত জানায়, ক্রিকেটের উন্নয়নে পরামর্শ দেয়। ৩১ মেতে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী এ সভার আগে সদস্যপদে পরিবর্তন এসেছে এই কমিটির। বর্তমান খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে গত তিন বছর কমিটিতে ছিলেন কুমার সাঙ্গাকারা ও লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। তাঁদের স্থলাভিষিক্ত হচ্ছেন রাহুল দ্রাবিড় ও টিম মে। ক্রিকইনফো।
সাবেক খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাচ্ছেন মাহেলা জয়াবর্ধনে। এত দিন এ দায়িত্বে ছিলেন মার্ক টেলর। কমিটিতে আম্পায়ারদের প্রতিনিধি হিসেবে গত মেয়াদে সাঙ্গাকারাদের সঙ্গে থাকা স্টিভ ডেভিস চলে যাচ্ছেন। তাঁর জায়গায় এসেছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। তবে কমিটির চেয়ারম্যান পদে কোনো পরিবর্তন হয়নি, অনিল কুম্বলেই ক্রিকেট কমিটির প্রধান হিসেবে থাকছেন ২০১৮ পর্যন্ত।