কুম্বলের সঙ্গে 'সমস্যা' নেই কোহলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলির দাবি, কুম্বলের সঙ্গে ‘ঝামেলা’ নেই তাঁর। ছবি: এএফপি
কোহলির দাবি, কুম্বলের সঙ্গে ‘ঝামেলা’ নেই তাঁর। ছবি: এএফপি

ভারতীয় দলের কোচ অনিল কুম্বলের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির সম্পর্কের দূরত্ব নিয়ে নানা খবর শোনা যাচ্ছে কদিন ধরেই। আজ কোহলি স্পষ্ট জানিয়েছেন, কুম্বলের সঙ্গে কোনো সমস্যা নেই তাঁর।

কাল এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ভারতের। দুই দলের লড়াইয়ের ঝাঁঝের মধ্যেও এসে পড়েছে কোহলি-কুম্বলের দূরত্ব-প্রসঙ্গ। ভারতীয় দলে গৃহবিবাদের আঁচ টের পাওয়া গিয়েছিল কোহলিরা ইংল্যান্ডে রওনা হওয়ার আগেই। হঠাৎ কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কুম্বলের ‘কর্তৃত্বপরায়ণ’ মনোভাবকে পছন্দ করছেন না কোহলি।
এ নিয়ে ভারতীয় অধিনায়কের কথা, ‘কদিন ধরে অনেক কথা হচ্ছে, ড্রেসিংরুমের কোনো কিছু না জেনে অনেক কিছু লেখা হচ্ছে, যা খুবই বিস্ময়কর। যা-ই হোক, কোনো সমস্যা নেই। যদি কিছু হয়ে থাকে (কোচ নিয়োগ), সেটি নিয়ম মেনে হচ্ছে। এটা নিয়ে কেন এত জল্পনা-কল্পনা হচ্ছে বুঝতে পারছি না। সর্বশেষ যখন হয়েছিল (কোচ নিয়োগ), তখন তো কোনো সমস্যা হয়নি। এবারও একই প্রক্রিয়ায় হচ্ছে। দলের সব মনোযোগ এখন চ্যাম্পিয়নস ট্রফিতে।’

বিষয়টি নিয়ে এত জল ঘোলা হচ্ছে, এতে বেশি বিরক্তই কোহলি, ‘আমি এটা নিয়ে কিছু জানতেও চাই না। এমন বড় টুর্নামেন্টে অনেক মানুষ এ ধরনের গুজব বের করতে পছন্দ করে, বিশেষ করে টুর্নামেন্ট শুরুর আগে।’ তথ্যসূত্র: এএফপি।