রান পাহাড়ে বাংলাদেশ
কুয়েত ক্রিকেট খেলে কবে থেকে, এই প্রশ্ন আছে অনেকেরই। ফুটবলে এশিয়ার প্রতিনিধি হিসেবে ১৯৮২ সালে বিশ্বকাপ খেলা মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশটি এবার ক্রিকেট খেলতে এসেছে এশিয়ান গেমসে। যেকোনো বিচারেই ক্রিকেটের প্রাইমারি স্কুলের ছাত্র এই কুয়েতের ক্রিকেটাররা সাকিব-মাশরাফি-তামিমদের তুলনায় শিশুতুল্যই। সেই শিক্ষানবিশ কুয়েতিদের বিপক্ষে এশিয়াড ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত ব্যাটিংই করেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২২৪ রান।
টসে জিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ব্যাটিং অনুশীলনটা ভালোই চালিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুরু থেকেই কুয়েতি বোলারদের উইকেটের চারদিকে আছড়ে ফেলে দলকে প্রত্যাশিত সূচনাই এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক। যদিও চড়াও হওয়ার দিক দিয়ে তামিমের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন এনামুল হক। মাত্র ১৮ বলে ৩৮ রান করে এলবির শিকার হন এনামুল। তামিম ফেরেন ২৮ রানে। ৬১ রানের উদ্বোধনী জুটির পর ৮৮ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটলে তামিম-এনামুল জুটির সূচনার ওপর দাঁড়িয়ে মোহাম্মদ মিথুন খেলেন ৫৯ রানের দারুণ এক ইনিংস। আজ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস তাঁরই। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসান ১৫ বলে ২৩ রান করে আউট হন।
মোহাম্মদ মিথুন ২৫ বলে ৫৯ রানের ইনিংস খেলে আউট হন। তাঁর ইনিংস ছিল ৪টি চার ও ৩টি ছয়ে সমৃদ্ধ।
শেষের দিকে সাব্বির রহমান মাত্র ১৯ বলে ৩৫ রানের এক ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশের সংগ্রহকে দুই শয়ের কোটা পার করে দেন। শেষ পাঁচ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৬ রান। তবে কুয়েতকে কৃতিত্ব দিতেই হচ্ছে এখানে। রান সংগ্রহের নেশায় থাকা বাংলাদেশের ৯ উইকেট ফেলতে পারাটা ক্রিকেটে নতুন এ দেশটির জন্য কম কৃতিত্বের নয়।
কুয়েতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাসতাকি ফাহাদ। ৪৮ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া আলতেইবি মোহাম্মদ ১৯ রানে ২টি এবং বাসতাকি মাহমুদ ৪৫ রানে ২ উইকেট তুলে নেন।