কুয়েতের বিপক্ষে ভয় বৃষ্টিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষ নিয়ে ভাবনার বেশি কিছু নেই। প্রধান নির্বাচক ফারুক আহমেদের সঙ্গে কি বৃষ্টি দুর্ভাবনা নিয়েই কথা বলছিলেন মাশরাফি? l প্রথম আলো
প্রতিপক্ষ নিয়ে ভাবনার বেশি কিছু নেই। প্রধান নির্বাচক ফারুক আহমেদের সঙ্গে কি বৃষ্টি দুর্ভাবনা নিয়েই কথা বলছিলেন মাশরাফি? l প্রথম আলো

বেলা ১১টায় গেমস ভিলেজ ছেড়ে সাড়ে ১১টার মধ্যে ইওনহি ক্রিকেট মাঠে এসে পৌঁছার কথা বাংলাদেশ দলের। কিন্তু সাড়ে ১১টা পেরিয়ে দুপুর সাড়ে ১২টা বাজার পরও কোনো খোঁজ নেই! অবশেষে টিম-বাস এসে পৌঁছাল বেলা একটায়।
বাস থেকে একের পর এক যে-ই নামছেন, রাগে গজ গজ করছেন। টিম ম্যানেজার জালাল ইউনুস ব্যাখ্যা দিলেন দেরির, ‘দুই ঘণ্টা ঘুরে মাঠে এলাম। ড্রাইভারকে আমরা এক শ বার বলেছি ইওনহি ক্রিকেট মাঠে যাব। কিন্তু সে আমাদের নিয়ে গেল আগের দিনের এলএনজি মাঠে! দুনিয়া ঘুরে যখন এখানে পৌঁছালাম, তখনো বাস ঠিক গেট দিয়ে না ঢুকে অনেক ঘুরে তারপর এসেছে।’
দক্ষিণ কোরিয়ায় একটা বড় সমস্যা এখানকার খুব কম মানুষই ইংরেজি বোঝে। কথাবার্তা, রাস্তার নিয়ন সাইন, দোকানের সাইনবোর্ড, ট্রাফিক বার্তা সবই কোরিয়ান ভাষায়। আপনি যতই ইংরেজিতে কথা বলুন, তারা বলে যাবে তাদের কোরিয়ানই। বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের প্রতি মুহূর্তেই এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কাল সেই চক্করে পড়ে গেল ক্রিকেট দলও।
বাংলাদেশ দল মাঠে একটু দেরিতে পৌঁছালেও এশিয়াড ক্রিকেটের মূল প্রতিপক্ষ শ্রীলঙ্কার সঙ্গে দেখা হয়ে গেছে কালই। বিকেলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনালের আগে নেটে গা গরমের প্র্যাকটিস করছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। তখনই বাংলাদেশ অনুশীলন শুরু করে পাশের দুটি নেটে। শ্রীলঙ্কান কোচদের একটা ছোটখাটো মিলনমেলাও দেখা গেল। শ্রীলঙ্কা দলের সঙ্গে আছেন রমেশ কালুভিতারানা। অনুশীলনের ফাঁকে হাত মেলালেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সহকারী কোচ রুয়ান কালপাগে আর ট্রেনার মারিও ভিলাভারায়ানের সঙ্গে।
ইওনহি ক্রিকেট মাঠে আজ কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ কুয়েত, তবে এশিয়ান গেমসে বাংলাদেশের আসল লড়াইটা মূলত শ্রীলঙ্কার সঙ্গেই। কাল কোরিয়াকে ১১৭ রানে উড়িয়ে সেমিফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের সঙ্গে সেখানেই দেখা হচ্ছে নিশ্চিত। কিন্তু বাংলাদেশের অধিনায়ক সেটিকে ‘নিশ্চিত’ বলে ধরে নেওয়ার বিপদ সম্পর্কে সচেতন, ‘যেহেতু কোয়ার্টার ফাইনাল নকআউট ম্যাচ, এই ম্যাচটিও গুরুত্বপূর্ণ। কুয়েতের বিপক্ষে প্রথম ম্যাচে আমরা ভালোভাবে জিততে চাই। আমাদের আত্মবিশ্বাসটা তাহলে আরও ভালো হবে।’
সোনা ধরে রাখার চ্যালেঞ্জের সঙ্গে আরও একটা লক্ষ্য আছে বাংলাদেশের—নিজেদের ফিরে পাওয়া। ২০১৪ সাল জুড়েই বাংলাদেশ দলের ব্যর্থতার কােব্য ইতি টানার উপলক্ষ হতে পারে এশিয়াডের সোনা। মাশরাফিও বললেন, ‘আমরা টুর্নামেন্টটা খেলছি, কারণ এর ফলাফল আমাদের কাজে লাগবে। ভালোভাবে খেলে জিততে পারাটা বড় ব্যাপার হবে। এখান থেকে আমরা নতুন করে শুরু করতে চাই।’
মেয়েদের ক্রিকেটে ইওনহি ক্রিকেট মাঠের উইকেট বেশ মন্থরগতির মনে হয়েছিল। ছেলেদের ক্রিকেটে উইকেটের চরিত্র যেন একটু বদলেছে। বল ভালোই ব্যাটে আসছে এখন। কাল শ্রীলঙ্কা-দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে মালয়েশিয়া-হংকং কোয়ার্টার ফাইনালেও সেটা দেখা গেছে। মালয়েশিয়ার ৭ উইকেটে করা ১২৯ রানের জবাবে হংকং দুই বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে উঠে গেছে সেমিফাইনালে।
উইকেটের আচরণ যেমনই হোক, মাশরাফির দল সেটার জন্য প্রস্তুত। অধিনায়ক বলছিলেন, ‘আমাদের দেশের উইকেটগুলোতে স্পিন হয়। বল কিছুটা স্লো, লো হয়। সে রকম উইকেট পেলে ভালোই হবে। তবে যদি আমরা সেমিফাইনালে যাই, তাহলে শ্রীলঙ্কাও সুবিধাটা নেবে। ওদের স্পিন আক্রমণও খুব ভালো। কাজেই যেকোনো পরিস্থিতির জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে।’
শ্রীলঙ্কা শক্ত প্রতিপক্ষ, সন্দেহ নেই। তার আগে আজ কুয়েত ম্যাচটাও বাংলাদেশের জন্য হুমকি হতে পারে। না, কুয়েতের শক্তি হঠাৎ করেই বেড়ে যায়নি। দুশ্চিন্তার নাম আসলে বৃষ্টি। ইনচনে কাল বৃষ্টি না হলেও পরশু এই বৃষ্টির কারণেই মালদ্বীপ-কুয়েত ম্যাচে খেলা হয়নি একটি বলও। পরে টসে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় কুয়েত। ক্রিকেটীয় শক্তিতে কুয়েত বাংলাদেশের চেয়ে কোটি আলোকবর্ষ দূরে থাকলেও টস ভাগ্য কার দিকে চেয়ে হাসে, কে বলতে পারে! আজ তাই একমাত্র বৃষ্টিকেই ভয় মাশরাফির, এটা নিয়ে একটা ভয় তো আছেই। যদি পুরো দিন খেলা না হয়, বৃষ্টি হয়, তখন একটা শঙ্কা থাকেই। এক ওভারও না হলে তো টসে ভাগ্য নির্ধারণ হবে।
তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ইনচনে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আছে কাল, আর সেমিফাইনালে উঠলে কালই শ্রীলঙ্কার বিপক্ষে খেলা বাংলাদেশের। এশিয়ান গেমস ক্রিকেটে তাই ভাগ্য নিয়ে একটু হলেও ভাবতেই হচ্ছে বাংলাদেশকে।