কুলদীপে কূল পেল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অশ্বিন-জাদেজা গেল তল, কুলদীপ বলে কত জল!’ কুলদীপ যাদব বোলিংয়ে আসার পর কি এটাই ভেবেছিলেন স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার? অভিষিক্ত এই বাঁহাতি স্পিনার চ্যালেঞ্জটা নিলেন। অথই সাগর পেরিয়ে ধর্মশালা টেস্টে ভারতকে কূলও পাইয়ে দিলেন। অঘোষিত ‘ফাইনাল’ ম্যাচে প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে ৩০০ রানে অলআউট করে দিয়ে স্বাগতিকেরা এখন বলতে পারছে, ‘দিনটি আমাদেরও।’
ম্যাট রেনশকে ফিরিয়ে অভিষিক্ত টেস্ট ভেন্যু ধর্মশালার গ্যালারিতে আনন্দের ঢেউ তুলেছিলেন উমেশ যাদব। দলের মাত্র ১০ রানে সেই ধাক্কা সামলে স্মিথ-তরিতে চড়ে তরতরিয়ে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। মনে হচ্ছিল, কোনো ঝড়ই তাদের থামাতে পারবে না। টানা ৫৪ টেস্ট খেলার পর কাঁধের চোটে বিরাট কোহলি মাঠের বাইরে। ‘ভারপ্রাপ্ত’ অধিনায়ক অজিঙ্কা রাহানে বল তুলে দিলেন কোহলির পরিবর্তে খেলতে নামা কুলদীপের হাতে। সবকিছু ভোজবাজির মতো পাল্টে যেতে থাকল এরপরই।
ক্যারিয়ারের প্রথম টেস্টের প্রথম স্পেলটি ১৪ ওভারের। ওয়ার্নারকে ফিরিয়ে কুলদীপ চতুর্থ ওভারেই পেলেন প্রথম উইকেট। পরে তুলে নেন পিটার হ্যান্ডসকম্ব ও গ্লেন ম্যাক্সওয়েলকেও। ১৪-১-৪১-৩; প্রথম টেস্টের এমন প্রথম স্পেল অনুপ্রাণিত হওয়ার মতোই।
কুলদীপের জাদুকরি স্পেলেই এলোমেলো হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ওয়ার্নার-স্মিথের ১৩৪ রানের দ্বিতীয় উইকেট জুটির পর অস্ট্রেলিয়া ৬৪ রানে ৪ উইকেট হারায়। ১ উইকেটে ১৪৪ রান থেকে ৬ উইকেটে ২০৮ রান হয়ে যায় সফরকারীদের স্কোর। এক ওভারের দ্বিতীয় স্পেলে উইকেট পাননি কুলদীপ। তৃতীয় স্পেলে ৮ ওভারে ২৭ রানে উইকেট নিয়েছেন একটি। সব মিলিয়ে ২৩ ওভারে ৬৮ রান দিয়ে ৪ উইকেট। প্রথম ইনিংসেই অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখলেন কানপুর থেকে উঠে আসা ভারতের প্রথম চায়নাম্যান স্পিনার।
অস্ট্রেলিয়ার ৩০০ রানের মধ্যে স্মিথের একারই ১১১। অ্যালিস্টার কুকের পর ভারতে সফরকারী দ্বিতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে তিন সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। আর স্মিথকে আউট করেই অশ্বিন গড়েন অসাধারণ এক কীর্তি। ২০০৭-০৮-এ ডেল স্টেইনের পাওয়া ৭৮ উইকেট ছাড়িয়ে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার হয়ে গেছেন ভারতের এই তারকা অফ স্পিনার। সূত্র: ক্রিকইনফো, এএফপি।