বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটাই খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। নিউজিল্যান্ডের কাছে ম্যাচটা হেরেও যায় শ্রীলঙ্কা। বিশ্বকাপ অভিযানের সূচনাই তাদের একটা হোঁচট খেয়ে। সেই ধাক্কা কাটিয়ে উঠে শ্রীলঙ্কা এখন ছুটিয়েছে জয়রথ।
টানা তিন জয়ের ম্যাচে যুগল নায়ক মাহেলা জয়াবর্ধনে ও থিসারা পেরেরা, তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারা। চলছে অসাধারণ ব্যাটিংয়ের প্রদর্শনী, তিন ম্যাচেই পাঁচ সেঞ্চুরির দেখা পেয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। ওপরের দিকের চার ব্যাটসম্যানই পেয়েছেন সেঞ্চুরি। বাংলাদেশকে ১ উইকেটে তোলা ৩৩২ রানের পাহাড়ে চাপা দিয়ে আর ইংল্যান্ডের ৩০৯ রান ১ উইকেটের বিনিময়েই পেরিয়ে গিয়ে শ্রীলঙ্কা দেখিয়েছে তাদের ব্যাটিংয়ের শক্তি। যদিও মূল পেসার লাসিথ মালিঙ্গা এখনো ছন্দে ফেরেননি, শেষের দিকের ওভারগুলোর বোলিংও চিন্তায় ফেলছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে। বাড়তি দুশ্চিন্তা বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের চোট। সত্যি কথা বললে, ব্যাটিংয়ের ঝলকানিতে বোলিং যেন এক টুকরো অন্ধকার! বিশ্বকাপের লম্বা দৌড়ে টিকে থাকতে হলে ব্যাটিং দিয়েই সব হবে? লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন এদিকটাতেই আরও মনোযোগ দিতে পরামর্শ দিচ্ছেন শ্রীলঙ্কাকে।
একদিকে টপ অর্ডার ব্যাটিংয়ের অসাধারণ পারফরম্যান্স, অন্যদিকে প্রতিপক্ষকে কম রানে বেঁধে ফেলার ব্যর্থতা। আইসিসির ওয়েবসাইটে নিজের কলামে মুরালিধরন বলতে চেয়েছেন, সাতজন স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলানো একধরনের অপচয়। ৭ নম্বর ব্যাটসম্যানের জায়গায় নুয়ান কুলাসেকারাকে দলে নেওয়ার পক্ষে তিনি, ‘বল হাতে ম্যাথুসের জন্য সে হবে একটা বাড়তি পাওয়া। সাত কিংবা আটে তার ব্যাটিংটাও কার্যকরী।’ হেরাথ গত ম্যাচে চোট পেয়েছেন। তাঁকে ফিরে পেতে তাড়াহুড়ো না করে সাচিত্রা সেনানায়েকেকে নেওয়াটাও দলের জন্য ভালো হবে বলে মনে করেন মুরালি। কেননা এই অফ স্পিনারের ব্যাটিংটাও একেবারে এলেবেলে নয়। আইসিসি।