কে জিতবে চ্যাম্পিয়নস ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস ট্রফি মানে চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট। ৫০ ওভারের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া যায় না! জানি, এতে অবাক হচ্ছেন, বিস্ময় খেলা করে যাচ্ছে আপনার চোখের তারায়। তবে গত তিনটি টুর্নামেন্টের ফল যখন বিশ্লেষণ করতে বসবেন, তখন হয়তো সংবিৎ ফিরে পেয়ে বলে বসবেন, ‘ইউরেকা—মিলে গেছে!’ ২০০৩ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জিতল ২০০৬ সালে ভারতে এসে। ২০০৭-এর বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকায় ২০০৯ টুর্নামেন্টে গিয়ে ধরে রাখল শিরোপা। ২০১১ বিশ্বকাপজয়ী ভারত জিতল ২০১৩ টুর্নামেন্ট, অর্থাৎ সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি। তাহলে যা দাঁড়াচ্ছে, এবারও চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চলেছে অস্ট্রেলিয়া। ১৮ জুন, লন্ডনের ওভাল মাঠে ট্রফিটা উঁচিয়ে ধরবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। স্মিথদের মাথায়ই যে ২০১৫ বিশ্বকাপের মুকুট!

তবে এ বড় সরল সমীকরণ! আইসিসি র‍্যাঙ্কিংয়ের সেরা আটটি দলের প্রতিযোগিতাকে এত সরল চোখে বিচার করা চলে না। প্রতিযোগিতার ব্যাপ্তি, প্রতিদ্বন্দ্বিতার তীব্রতার কথা ভাবলে যেকোনো দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা থাকে। ১৮ দিনের প্রতিযোগিতায় মোট ম্যাচ ১৫টি। দুই গ্রুপের ৬টি করে মোট ১২টি ম্যাচের পর দুটি সেমিফাইনাল ও ফাইনাল। মাত্র পাঁচটি ম্যাচের ফল পক্ষে এলেই চ্যাম্পিয়ন। এমনও হতে পারে, ডাকওয়ার্থ ও লুইস সাহেবের কৃপা থাকলে পাঁচটি ম্যাচের ফল অনুকূলে এল কি না, সেটিও বড় হয়ে উঠবে না। এমন হতেই পারে গ্রুপে একটি মাত্র ম্যাচ জিতেই কোনো দল উঠে গেল সেমিফাইনালে। আর ১৮ জুন ফাইনালের দিনটি যদি বিশেষ সেই দলের হয়ে ওঠে, তাহলে তারাই জিতে নিল শিরোপা। অর্থাৎ ট্রফিটা একটু পক্ষপাতদুষ্ট হয়েই হাত বাড়াতে পারে কোনো দলের দিকে! ‘আমরা ফাইনাল খেলতে চাই’—বাংলাদেশের সাব্বির রহমানের এই আশাটাও তাই পূরণ হতে পারে। আর কে বলতে পারে ফাইনালে উঠলে, দিনটি যদি থাকে বাংলাদেশের, মাশরাফির দল ট্রফিটা হাতে তুলতে পারবে না?

সব সময় বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলই চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়নস ট্রফিতে? মোটেই না। টুর্নামেন্টের উৎসমুখে তাকালে দেখব, এটি চিরকালের বঞ্চিতদেরও হাহাকার ঘুচিয়ে দিয়েছে। টুর্নামেন্টের জন্মলগ্নেই চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। শিরোপা জিতেছে বিশ্বকাপের ‘চিরকালীন সেমিফাইনালিস্ট’ নিউজিল্যান্ড। ২০০২ টুর্নামেন্টের যৌথ চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কাও সদ্য বিজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন ছিল না। ভেবে দেখুন, ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফির কথা। কোন আঁধার ফুঁড়ে সেবার ট্রফি জিতে নিল অস্তগামী পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ।

সৌরভ গাঙ্গুলীর ভবিষ্যদ্বাণী, এবারের টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা যেহেতু থাকবে তীব্রতম, তাই চ্যাম্পিয়ন কে হবে, সেটি বলতে পারছেন না ২০০২ টুর্নামেন্টের যৌথ চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক। ২০০৪ টুর্নামেন্ট বিজয়ী ব্রায়ান লারা অবশ্য দৃষ্টি ফেলেছেন একটু দূরে। সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আয়োজক ইংল্যান্ডকেই বলছেন ফেবারিট। লারার মতটাই বেশি গ্রহণযোগ্য হতে পারে ক্রিকেট রোমান্টিকদের কাছে। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হওয়ার পর থেকেই ইংল্যান্ড নিজেদের বদলে ফেলেছে আমূল। কী নেই স্বাগতিক দলটিতে? আছে এউইন মরগানের নেতৃত্ব। জস বাটলার, অ্যালেক্স হেলস, জেসন রয়, জো রুট, বেন স্টোকসদের মতো বিস্ফোরক সব ব্যাটসম্যান। ক্রিস ওকস, স্টোকস, পিটার উইলি, জ্যাক বলের মতো দুর্ধর্ষ সব ফাস্ট বোলার। আদিল রশিদ কিংবা মঈন আলীদের স্পিনও যথেষ্টই ঝামেলায় ফেলবে প্রতিপক্ষদের। চিরায়ত ইংলিশ কন্ডিশন যে থাকবে না, চলমান প্রস্তুতি ম্যাচের উইকেটগুলো দেখেই তা বলে দেওয়া যাচ্ছে। রান উঠবে রাশি রাশি। শুধু পেস বোলিং দিয়েই মনে হয় না ম্যাচ জেতা যাবে, স্পিনও হবে বড় অস্ত্র। এ অবস্থায় ‘ডেথ ওভারের’ ব্যাটিং কিংবা বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। এসব বিবেচনায় ইংল্যান্ডকেই ধরা যায় টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকাকেও অনেকে পিছিয়ে রাখতে চাইবেন না।‘তিন শ ষাট ডিগ্রি ব্যাটসম্যান’খ্যাত এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাও এবার দীর্ঘ অতৃপ্তি ঘোচাতে চাইবে।

আর অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া এমনই এক দল, নামের কারণেই ফেবারিটের তালিকায় চিরকাল ওদের রাখতে হবে। একবার শিরোপার স্বাদ পেয়ে গেলে অস্ট্রেলিয়াকে থামানো মুশকিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ‘জেতে না, জেতে না’ করে ২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়নস জিতেছে পরপর। তৃতীয় শিরোপাও এবার জুটে যেতে পারে। ব্যাটিংয়ে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের দিনে নাভিশ্বাস উঠে যায় প্রতিপক্ষ বোলারদের। আর যদি স্বরূপে থাকে ইংলিশ কন্ডিশন—পেসার চতুষ্টয় মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স, জন হ্যাস্টিংসের পেস শীতল স্রোত বইয়ে দেবে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের শিরদাঁড়ায়। এক দিনের ক্রিকেটে ভারতের শক্তিমত্তাকেও ভুলে যেতে পারেন না। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির নেতৃত্বে দুর্দান্ত একটা দল নিয়েই শিরোপা ধরে রাখার অভিযানে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড হতে পারে ‘ডার্কহর্স’, যেমন ছিল ২০০০ আইসিসি নকআউট টুর্নামেন্টে। তবে সম্ভাবনার বিচারে বাংলাদেশ যেখানটায় আছে, মনে হয় না উপমহাদেশের বাকি দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা সেখান থেকে খুব এগিয়ে আছে।