কে টিউমার?

শেন ওয়াটসন ও মাইকেল ক্লার্কের মধ্যকার নাটকটা জমে উঠেছে বেশ। কাল মঞ্চস্থ হলো নাটকের তৃতীয় পর্ব এবং মুখ খুললেন ওয়াটসন। ক্লার্কের ইটের জবাব পাটকেলে দিলেন অবসরপ্রাপ্ত এই অলরাউন্ডার। তাঁর চোখে তিনি নন, ক্লার্কই নাকি টিউমার।
শুরুটা করেছিলেন ক্লার্ক। নিজের আত্মজীবনীর প্রচারে অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনে দেওয়া সাক্ষাৎকারে ওয়াটসনকে টিউমারের সঙ্গে তুলনা করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, ‘ওরা (ওয়াটসনের মতো কিছু খেলোয়াড়) ছিল অনেকটা টিউমারের মতো, যদি সময়মতো নিরাময় করা না যায়, তবে সেটা ক্যানসারের রূপ নেবে।’ তবুও ভালো, প্রথমে তো গুজব উঠেছিল ২০১৩ সালের ভারত সফরে ওয়াটসনকে ক্যানসারই বলেছিলেন ক্লার্ক!
ওয়াটসন অবশ্য ‘টিউমার’ অপবাদটা একেবারেই গিলতে পারেননি। উল্টো তিনি মনে করেন, এ অপবাদটা ক্লার্কেরই পাওয়া উচিত, ‘আমি তো মনে করি যেটা বলা হয়েছে সেটা ভুল। বরং এটা যে বলেছে তার মানসিকতাই প্রকাশ হলো। সত্যি বলতে পুরো ব্যাপারটি খুবই হতাশাজনক। দুই বা তিন বছর পর এই বিষয়গুলো বের হয়ে আসছে, যেখানে আমরা সবাই অবসরজীবনে মানিয়ে নিয়েছি।’
এবার নাটকের চতুর্থ পর্ব, ক্লার্কের জবাবের অপেক্ষা! এএফপি।