কেউ ভাবেনি ফাইনালে উঠব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটার নামই হয়ে গিয়েছিল ‘অপরাজিতের সঙ্গে অপ্রত্যাশিতের’ লড়াই। টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে ইংল্যান্ড উঠেছিল সেমিফাইনালে। তারাই ছিল ফেবারিট। তবু একটা ‘কিন্তু’ ছিল, প্রতিপক্ষ যে পাকিস্তান! এই দলটি কখন কেমন খেলে, আগে থেকে ধারণা করা মুশকিল। র্যাঙ্কিং-শীর্ষ আট দলের প্রতিযোগিতায় সবচেয়ে নিচের দল। ফাইনাল দূরে থাক, তারা গ্রুপ পর্ব পেরোবে সেটিই বা ভেবেছিল কজন?
কিন্তু সব ধারণা, সব হিসাব উল্টে দিয়ে পরশু ফাইনালে উঠল পাকিস্তান। সেমিফাইনালে ফেবারিট ইংল্যান্ডকে হেসেখেলে হারিয়ে দিল তাদের মাঠেই। ইতিহাসও গড়ল সরফরাজ আহমেদের দল, চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই যে প্রথম ফাইনালে উঠল পাকিস্তান। ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান উইকেটের দোষ ধরেছেন, কিন্তু সরফরাজ পিচকে বলেছেন ভালো, ‘পিচ ভালো ছিল...দুই দলের জন্যই ভালো ছিল।’
সবাইকে ভুল প্রমাণ করে ফাইনালে ওঠার গর্বে গর্বিত পাকিস্তান অধিনায়ক সরফরাজ, ‘আমার ও পুরো পাকিস্তানের জন্যই এটি অনেক গর্ব ও আনন্দের উপলক্ষ। এ দলটাকে নিয়ে কেউই কোনো সম্ভাবনা দেখেনি, না এখানে, না দেশেও। কেউই ভাবেনি আমরা ফাইনালে উঠব।’ এএফপি।
পাকিস্তানের জয়ের অন্যতম কুশীলব আজহার আলী ম্যাচ শেষে ভীষণ তৃপ্ত, ‘সব বিভাগেই আজ আমাদের নিখুঁত পারফরম্যান্স ছিল।’