কেটলি ছুড়ে মেরেছেন, পিটিয়ে ভেঙেছেন আঙুল!

এমনিতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ২-১-এ পিছিয়ে ভারতীয় দল। অমিত মিশ্রের মাথায় থাকার কথা আগামীকাল চেন্নাইয়ে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডে। তা আর হচ্ছে কোথায়? নারী নির্যাতনের অভিযোগ, থানা-পুলিশ—মিশ্রর মাথায় মিশ্রণ ঘটছে নানা ঘটনা। গতকাল তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক নারী। অভিযোগকারী জানিয়েছেন, তাঁর দিকে নাকি কেটলি ছুড়ে মেরেছিলেন ভারতীয় লেগ স্পিনার!
পুলিশের কাছে দেওয়া অভিযোগে ওই নারী বলেছেন, চার বছর ধরে তাঁর সঙ্গে পরিচয় মিশ্রর। ভারতীয় দল বেঙ্গালুরুতে অবস্থান করার সময় গত ২৫ সেপ্টেম্বর মিশ্রর হোটেলকক্ষে দেখা করতে আসেন। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া বাধে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন মিশ্র। একপর্যায়ে শারীরিকভাবেও নির্যাতন করেন। নারীর অভিযোগ অনুযায়ী, ইন্ডিয়ান পেনাল কোড ৩৫৪ ও ৩২৮ ধারায় মিশ্রের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। এফআইআরে বলা হয়েছে, মিশ্র তাঁর মুখে কেটলি ছুড়ে মেরেছেন এবং মারধর করে আঙুল ভেঙেছেন!
সাত দিন সময় দেওয়া হয়েছে এ ব্যাপারে মিশ্রকে তাঁর বক্তব্য দিতে। সূত্র: জিনিউজ