কেটে গেছে ২২ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার পারেননি, সৌরভ গাঙ্গুলীও না। ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে অনিল কুম্বলে ও মহেন্দ্র সিং ধোনিকেও। এখনো শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ জিতে ফেরা সর্বশেষ ভারতীয় অধিনায়ক হয়ে আছেন মোহাম্মদ আজহারউদ্দিন। এটি সেই ১৯৯৩ সালের কথা। আম্পায়ারিংকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যেও চরম তিক্ততার সেই তিন ম্যাচের সিরিজটা ভারত জিতেছিল ১-০ ব্যবধানে। বিনোদ কাম্বলি, মনোজ প্রভাকর, অনিল কুম্বলে ও নবজ্যোত সিং সিধুদের কৃতিত্বে লঙ্কা-জয়ের পর কেটে গেছে ২২ বছর। এবার বিরাট কোহলির দল কি পারবে ভারতীয়দের দীর্ঘ এই প্রতীক্ষার শেষ টানতে?
তিন টেস্ট সিরিজের প্রথম দুটি খেলেই ক্রিকেট ক্যারিয়ার শেষ করছেন কিংবদন্তি শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ভারতীয়দের ‘মিশন-লঙ্কা’র আবহ সংগীত হিসেবে তাই বাজছে সাঙ্গাকারার বিদায়-রাগিণীও। তবে কোহলি জানেন, বাঁহাতি এই কিংবদন্তিই হয়ে দাঁড়াতে পারেন লঙ্কা-জয়ের পথে সবচেয়ে বড় বাধা। সাঙ্গাকারাকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া যে তাঁর লঙ্কা-জয়ের রেসিপির ওপরের দিকেই আছে, বলেও দিয়েছেন তা।
১৯৯৩ সালের সেই সিরিজের পর দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলতে আরও চারবার শ্রীলঙ্কায় গেছে ভারত। হেরে ফিরেছে ২০০১ ও ২০০৮ সালে, ড্র করেছে ১৯৯৭ ও ২০১০ সালে। শ্রীলঙ্কার মাটিতে ভারতের সর্বশেষ সিরিজটাও পাঁচ বছর আগে, যে কারণে কোহলিসহ ভারতের ১৫ জনের এই দলের ১১ জনেরই আগে কখনো টেস্ট খেলা হয়নি শ্রীলঙ্কার মাটিতে। ব্যতিক্রম চারজন—মুরালি বিজয়, হরভজন সিং, ইশান্ত শর্মা ও অমিত মিশ্র। এর মধ্যে হ্যামস্ট্রিং চোটের কারণে ওপেনার মুরালি বিজয় খেলতে পারছেন না আজ থেকে শুরু গল টেস্টে। তাঁর জায়গা নিচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দুই ইনিংসে ৪৩ ও ৪৭ রান করা লোকেশ রাহুল। অমিত মিশ্র সম্ভবত একাদশেই থাকবেন। যেটির মূলে সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহর সাফল্য। চার বছর পর মিশ্রর দলে ফেরার রহস্যও সেখানেই লুকিয়ে।
পাকিস্তানের সিরিজ জয় থেকেও প্রেরণা খুঁজতে পারে ভারত। সেটি খুব জরুরিও। দেশের বাইরে ভারতের সাম্প্রতিক ইতিহাস যে শুধুই ব্যর্থতার পাঁচালিতে ভরা। প্রতিপক্ষের মাঠে সর্বশেষ চারটি সিরিজেই (দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া) হেরেছে ভারত। কোহলি এসব মাথায় আনতে চাইবেন না স্বাভাবিক। আনছেনও না। বরং বলেছেন, ‘আমরা এখানে এসেছি ভালো ক্রিকেট খেলতে। যখন ভালো খেলার দিকে মনোযোগ থাকে, তখন ইতিহাস ও রেকর্ড মাথায় থাকে না।’
দলের এই চ্যালেঞ্জের বাইরে এই সিরিজ একটা বড় পরীক্ষা অধিনায়ক কোহলির জন্যও। ধোনির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় দলকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ সফরে ফতুল্লায় একমাত্র টেস্টটা ভেসে গেছে বৃষ্টিতে। এক অর্থে কোহলির অধিনায়কত্বের ইনিংসটা আসলে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ দিয়েই। সেই শুরুটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি। এএফপি।