কেন উইকেট পাচ্ছেন না জানেন মোস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস ট্রফিতে মাত্র এক উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: এএফপি
চ্যাম্পিয়নস ট্রফিতে মাত্র এক উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: এএফপি

ওয়ানডেতে এখনো পর্যন্ত উইকেট-প্রতি মোস্তাফিজুর রহমানের খরচ হয়েছে ১৮ রান। কিন্তু এই চ্যাম্পিয়নস ট্রফিতে সেটি কত জানেন? ১৩০! হবে না কেন? তিন ম্যাচে যে তাঁর উইকেট মাত্র একটি! উইকেট যেখানে মোস্তাফিজের হাতে ধরা দেয় পোষা বিড়ালের মতো, সেটি এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে!

বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে। দলের এই সাফল্যের মধ্যে খচখচানি মোস্তাফিজুর উইকেট না পাওয়া। কেন উইকেট পাচ্ছেন না, সেটির উত্তর অবশ্য তাঁর অজানা নয়, ‘আমার কাটার বলটা দেশের উইকেটে ভালো হয়। এখানে অত বেশি হচ্ছে না। তবুও চেষ্টা করছি ভালো করার।’
ইংলিশ কন্ডিশনে সাসেক্সের হয়ে যতটুকু খেলেছিলেন, তাতেই মিলেছিল দারুণ সাফল্য। ফলে ইংল্যান্ডের উইকেটেও তিনি চেনা চেহারায় দেখা দিতে পারেন, এ সবার জানা। কে জানে, হয়তো সেমিফাইনালেই জ্বলে উঠবেন। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।
সেমিফাইনাল উঠে দলের অন্যদের মতো রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে মোস্তাফিজকেও। তাঁর রোমাঞ্চটা একটু বেশি থাকার কথা। ভারতের বিপক্ষে তাঁর ওয়ানডে অভিষেক। ২০১৫ সালের জুনে তিন ওয়ানডের সেই সিরিজ বলতে গেলে একাই জিতিয়ে দিয়েছিলেন দলকে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সঙ্গে সম্ভাব্য সেমিফাইনাল খেলতে উন্মুখ ২১ বছর বয়সী পেসার, ‘সবাই যার যার জায়গা থেকে ভালো করেছে বলে সেমিফাইনালে উঠতে পেরেছি। ভারতের সঙ্গে সেমিফাইনাল, দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। আশা করি ভালো কিছু হবে।’
প্রত্যাশা অনুযায়ী উইকেট না পেলেও হতোদ্যম হচ্ছেন না ‘ফিজ’। বরং আত্মবিশ্বাসী হয়ে শেষ চারের লড়াইয়ে নামতে চান বাঁহাতি পেসার, ‘যেটা ভাবি, সেটাই করার চেষ্টা করি। সব সময়ই বোলিংয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করি।’