কেন এত ব্যাটসম্যান পায় ভারত, পাকিস্তান বোলার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরামের মতো ফাস্ট বোলারের স্বপ্নই কেবল দেখে ভারত। ছবি: এএফপি।
ওয়াসিম আকরামের মতো ফাস্ট বোলারের স্বপ্নই কেবল দেখে ভারত। ছবি: এএফপি।

ভারত আর পাকিস্তান। দুই প্রতিবেশী দেশ। সংস্কৃতি ও আবহাওয়াও প্রায় কাছাকাছি। খাদ্যাভ্যাসেও আকাশ-পাতাল পার্থক্য কিছু নয়। কিন্তু তারপরেও দুই দেশের রাজনৈতিক সম্পর্কের মতো ক্রিকেটের একটা ক্ষেত্রও যেন দুই মরুতে। এক দেশ একের পর এক অসাধারণ ব্যাটসম্যান জন্ম দিয়ে যাচ্ছে, আরেক দেশ ফাস্ট বোলার।
পাকিস্তান যেখানে জন্ম দিয়েছে ইমরান খান, সরফরাজ নেওয়াজ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, আকিব জাভেদ, শোয়েব আকতার থেকে আজকের মোহাম্মদ আমিরদের। সেখানে ভারতের আছে সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন, ভিভিএস লক্ষণ, রাহুল দ্রাবিড় থেকে আজকের বিরাট কোহলিরা।
এই রহস্যের সমাধান করার জন্যই ক্রীড়া সাময়িকী স্পোর্টস্টার মুখোমুখি হয়েছিল পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের। আকরাম অবশ্য খুব পরিষ্কারভাবে সমাধান দিতে পারেননি। বলেছেন, খুব সম্ভবত দুই দেশের মানুষের মানসিক পার্থক্যই এর মূল কারণ। উইকেটের চরিত্রও এ ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। আবার প্রজ​ন্ম থেকে প্রজন্ম অনুপ্রাণিত হয় তারকাদের দেখে। গাভাস্কাররা অনুপ্রাণিত করেছেন টেন্ডুলকারদের। টেন্ডুলকার কোহলিদের। যে দেশে টেন্ডুলকারের মতো তারকা ব্যাটসম্যান খেলে, কিশোররা তো ব্যাটসম্যান হতে চাইবেই।
পাকিস্তানের ফাস্ট বোলাররা দ্রুতগতির, সে তুলনায় ভারতের ক্রিকেটে সত্যিকার গতি বোলারের ভয়ংকর অভাব চিরকালীন। কপিল দেব একটা সময় একার কাঁধে বহন করেছিলেন ভারতীয় দলে পেস আক্রমণের দায়িত্ব। এরপর অনেকেই এসেছেন— মনোজ প্রভাকর, জাভাগাল শ্রীনাথ, ভেংকটেশ প্রসাদ। কিন্তু সত্যিকারের ফাস্ট বোলার তাঁরা কেউই ছিলেন না।

সর্বশেষ ১৫ বছরে জহির খান, আশিস নেহরা, ইরফান পাঠানরা সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলেছেন বটে, কিন্তু তাঁরা ঠিক ফাস্ট বোলার নন, পেসার পরিচয়টাই বেশি মানায়। আকরামের মতে, ভারতের ক্রিকেটটাই দাঁড়িয়ে আছে ব্যাটিংয়ের প্রাণে ভর করে। অন্য দিকে পাকিস্তানের ক্রিকেটের প্রাণ হলো এর বোলিং। আকরাম যেটিকে বলেছেন ‘ব্যাটিং সাইকি’, আর ‘বোলিং সাইকি’। এর সঙ্গে যোগ করেছেন, ‘এটা নির্ভর করে আপনি কী ধরনের উইকেট বানাচ্ছেন, আর বয়সভিত্তিক ক্রিকেটে আপনার সংস্কৃতিটা কী রকম।’
ভারতে দীর্ঘ দিন ধরে কাজ করছেন আকরাম। সেই অভিজ্ঞতা থেকে আরও একটি সমস্যা খুঁজে পেয়েছেন, ‘পাকিস্তানে যখন আমরা একজন সত্যিকারের ফাস্ট বোলার খুঁজে পাই, তখন তাকে যত জোরে পারে বল করতে উৎ​সাহ দেই। ওর অ্যাকশন বদলে ফেলি না। উপদেশ দিয়ে দিয়ে মাথা ভারী করে ফেলি না। ভারতে হলে ওই একই বোলারটিকে এক একাডেমি থেকে আরেকটিতে পাঠানো হবে।’
পেস-সংকটে ভারত নতুন যাকে পায়, তাকে নিয়েই হয় মাতামাতি। এখন যেমন জসপ্রীত বুমরাকে নিয়ে হচ্ছে। আকরাম বলেছেন, বুমরাকে তাঁর মতো থাকতে দিতে হবে, ‘ভারতে যখনই কোনো ফাস্ট বোলার ভালো করে, তখনই তাকে আকাশে তুলে দেওয়া হয়, এটা ঠিক না। বুমরাকে অবশ্যই তার মতো করে খেলতে দেওয়া উচিত, উপদেশের ভারে ওকে জর্জরিত করাটা ঠিক হবে না।’