কেন খেপেছিলেন বাটলার?

জস বাটলার বেশ চটেই গেলেন। তেড়েও আসতে চাইলেন বাংলাদেশের খেলোয়াড়দের দিকে! আম্পায়াররা মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোয় বিষয়টা তখন খুব বেশি দূর গড়ায়নি। অবশ্য ম্যাচ শেষেও সেটির রেশ থেকে গেল। ইংল্যান্ডের ড্রেসিংরুমের সামনে হাত মেলানোর সময় বেন স্টোকসের সঙ্গে লেগে গেল তামিম ইকবালের। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে দুই অধিনায়কের সংবাদ সম্মেলনে উঠল প্রসঙ্গটি।
ঘটনা ম্যাচের ২৮তম ওভারের। তাসকিনের করা ওভারের প্রথম বলেই এলবিডব্লুর আবেদন। তাতে সাড়া দেননি আম্পায়ার, রিভিউ নেয় বাংলাদেশ। সিদ্ধান্তটা মাশরাফিদের পক্ষেই আসে। মুহূর্তেই বাংলাদেশের খেলোয়াড়েরা মেতে ওঠেন বুনো উল্লাসে। ম্যাচের যে পরিস্থিতি তখন, বাংলাদেশের খেলোয়াড়েরা এমন বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসবেন খুব স্বাভাবিক। বাংলাদেশের খেলোয়াড়দের ভিড় থেকে বাটলারকে কেউ কিছু বলেছেন কি না, সেটি অবশ্য পরিষ্কার নয়। তবে বাটলার রাগে গজরাতে গজরাতে তেড়ে যেতে চাইছিলেন মাহমুদউল্লাহর দিকে!
এমনিতে বাটলার হাসিখুশি, মিষ্টভাষী। কিন্তু মাঠে কী এমন হয়েছিল যে অমন বিস্ফোরক চেহারায় দেখা গেল ইংলিশ অধিনায়ককে—প্রশ্নটা ঘুরেফিরে এল ম্যাচ শেষে তাঁর সংবাদ সম্মেলনে। বাটলার অবশ্য হাসিমুখেই কৌশলী সব উত্তর দিতে থাকলেন, ‘উদ্যাপন করতে করতে আমার দিকে যেভাবে তারা আসছিল, আমাকে চলে যেতে ইশারা করছিল, ভীষণ আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। উইকেট পেয়ে তারা ভীষণ উচ্ছ্বসিত ছিল। আমার অবশ্য চলে আসাই উচিত ছিল।’
উদ্যাপনের সময় প্রতিপক্ষের ব্যাটসম্যানের সঙ্গে ফিল্ডারদের লেগে যাওয়া নতুন কিছু নয়। তবে কাল বাংলাদেশের খেলোয়াড়েরা কী এমন কিছু করেছেন যেটি সীমা ছাড়িয়েছে? ব্রিটিশ সাংবাদিকের প্রশ্নে বাটলারের সতর্ক জবাব, ‘বিষয়টি আপনারাই ভালো বুঝবেন।’
২৬ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডকে অনেকটাই ম্যাচে ফিরিয়ে এনেছিলেন বাটলার। আউটের পর ইংলিশ অধিনায়কের মেজাজ চড়ে যাওয়া অস্বাভাবিক নয়। তবে দিন শেষে বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছেন বাটলার, ‘বিষয়টা একটু হলেও সীমা ছাড়িয়েছিল। তবে তারা যেভাবে উদ্যাপন করেছে, তাতে আমি কিছু মনে করিনি। ক্রিকেট-পাগল দেশ এটা। খেলোয়াড়দের আবেগও বেশি। আমি এতে কোনো সমস্যা দেখছি না।’
বাটলারের সংবাদ সম্মেলনের পরপরই হওয়ার কথা মাশরাফিরটা। কিন্তু বাংলাদেশ অধিনায়ক এলেন বেশ পরে। আসার পথেই তিনি জানালেন, তাঁর নামের পাশে বসেছে ‘একটি ডিমেরিট পয়েন্ট’। কদিন আগেই আচরণবিধি–সংক্রান্ত নিয়মটি চালু করেছে আইসিসি। অবশ্য দলের আর কেউ জরিমানা কিংবা ডিমেরিট পয়েন্ট পেয়েছেন কি না, কাল রাতে জানা যায়নি। তবে বাটলার ও স্টোকস—দুটি ঘটনাই এড়িয়ে যেতে চাইলেন মাশরাফি, ‘বাটলারের সঙ্গে কী হয়েছিল জানি না। রিভিউ নেওয়ার সময় পুরো মনোযোগ আমার ওই দিকেই ছিল। সে আউট হওয়ার পর খুবই উত্তেজিত হয়ে পড়েছিলাম। এর বেশি কিছু জানি না। এমন উত্তেজনার মুহূর্তে অনেক কিছু হয়ে যায়। দুই দলের খেলোয়াড়দের সেটি নিয়ন্ত্রণ করা উচিত। আর তামিম-স্টোকসের সময় আমি আগে ছিলাম, কিছু দেখিনি।’
আরও পড়ুন