কেন রান পাচ্ছেন না লিটন

রান পাচ্ছেন না কেন লিটন?ছবি: বিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিটন দাস রান পাচ্ছেন না কেন? এ প্রশ্ন এখন বাংলাদেশের সব ক্রিকেটপ্রেমীরই। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ড আর ওমানের বিপক্ষে দুটি ম্যাচ খেলে ফেলল বাংলাদেশ, লিটনের ব্যাট নিশ্চুপ। এতটাই যে পাপুয়া নিউগিনির বিপক্ষে তাঁকে দলে রাখা উচিত কি না, সেটি নিয়ে কথাও উঠে গেছে। লিটনের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। তাঁর ব্যাটিং মুগ্ধতা ছড়ায় সব সময়। তাঁর ব্যাটিং-সৌন্দর্যে মুগ্ধ তাঁর সতীর্থরাও। কিন্তু এমন প্রতিভা ও সামর্থ্য মাঠে সব সময় প্রকাশিত হয় না।

টি-টোয়েন্টি সংস্করণে লিটন সর্বশেষ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন ২০২০ সালের ১১ মার্চ। জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ বলে ৬০ রানে অপরাজিত ছিলেন মিরপুরে। এর ঠিক আগের ম্যাচেই করেছিলেন ৫৯। ওই সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন লিটন। রান পেয়েছিলেন প্রায় প্রতি ম্যাচেই। জিম্বাবুয়ের সেই সিরিজেই ওয়ানডেতে খেলেছিলেন ১৭৬ রানের সেই বিধ্বংসী ইনিংস।

কিন্তু এরপর ২০ ওভারের ক্রিকেট আর ব্যাটে রান নেই তাঁর। ওয়ানডে আর টেস্টে অবশ্য এর মধ্যে রান পেয়েছেন। গত জুলাইয়ের জিম্বাবুয়ে সফরে টেস্টে খেলেছেন ৯৫ রানের একটা ইনিংস। ওয়ানডেতে জিম্বাবুয়ের সঙ্গেই করেছেন একটি সেঞ্চুরি।

লিটন ফর্মে নেই অনেক দিন ধরেই
ছবি: এএফপি

টি-টোয়েন্টিতে তাহলে কী হলো লিটনের! কেন রান পাচ্ছেন না। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৩ রান করেছিলেন। আশা জাগিয়েও সে ম্যাচে নিজের ইনিংসটা বড় করতে পারেননি। সর্বশেষ পাঁচ ইনিংসে লিটনের ইনিংসগুলো যথাক্রমে ১৫, ৬, ১০, ৫, ৬।

টি-টোয়েন্টি সংস্করণে ৪০টি ম্যাচ খেলেছেন লিটন। ৩৯ ইনিংসে তাঁর রান এখন পর্যন্ত ৭২২ রান। গড় ১৯। সর্বোচ্চ ৬১। ১২৮.৪৬ স্ট্রাইক রেটটা খুব ভালো না হলেও মন্দ বলা যাবে না। সেটা বাড়ানোর চেষ্টা করবেন কী, এখন তো রানই পাচ্ছেন না!

আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন কেন লিটন?
ফাইল ছবি: প্রথম আলো

টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি ম্যাচেই আত্মবিশ্বাসের ঘাটতি দেখা গেছে লিটনের ব্যাটিংয়ে। স্কটল্যান্ডের সঙ্গে প্রথম থেকেই নিজেকে যেন একটু গুটিয়ে রেখেছিলেন। অফ স্টাম্পের বাইরে পড়া বলগুলোতে তাঁকে দিশেহারা লাগছিল। আউট হয়েছেন ৩০ গজের মধ্যে ক্যাচ দিয়ে। গতকাল ওমানের বিপক্ষে ম্যাচেও তাঁর ছিল একই অবস্থা। আউট হলেন ইয়র্কার বলে। এর আগের বলটিতেই ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন। কিন্তু টিকতে পারলেন মাত্র এক বল। শেষ পর্যন্ত বিদায় নিলেন এলবিডব্লু হয়ে।

২০১৫ সালে অভিষেকের পর মনে রাখার মতো অনেকগুলো ইনিংসই খেলেছেন লিটন। কিন্তু তাঁর ক্যারিয়ারে ধারাবাহিকতার অভাব সব সময়ই প্রকট। আর ব্যাট হাতে ধারাবাহিক হতে না পারলে আত্মবিশ্বাসে টান পড়া স্বাভাবিক। লিটনের আত্মবিশ্বাস ফিরে পাওয়াটা যে বাংলাদেশের জন্যই খুব জরুরি।