কেন ৮ ব্যাটসম্যান, মাশরাফির ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে দাঁত বসাতে পারেনি বাংলাদেশের বোলিং। ছবি: রয়টার্স
ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে দাঁত বসাতে পারেনি বাংলাদেশের বোলিং। ছবি: রয়টার্স

ইংল্যান্ডের বিপক্ষে কাল ওভালে ৩০৫ করে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। বড় স্কোর গড়ে এই হারের সরল বিশ্লেষণ—বোলিংটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। আরেকজন বোলারের প্রয়োজনীয়তা ভীষণ অনুভব করেছে দল। একাদশে আট ব্যাটসম্যান থাকায় একজন বোলারের ঘাটতি নিয়ে খেলতে হয়েছে বাংলাদেশকে।

একাদশে কেন আট ব্যাটসম্যান, কাল সংবাদ সম্মেলনে সেটির ব্যাখ্যা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, ‘সাত ব্যাটসম্যান নিয়ে কোনো পর্যায়ে ধস হলে এখানে ২৬০-২৮০ করেও জেতা সম্ভব নয়। এমনকি পাঁচ (বিশেষজ্ঞ) বোলার থাকার পরও। সে ক্ষেত্রে আট ব্যাটসম্যান নিয়ে ৩৩০ রান করে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে চেয়েছি।’
পরিকল্পনাটা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার পেছনে ৪৫তম ওভারে পর পর দুই বলে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের আউটকে বড় করে দেখছেন মাশরাফি, ‘যে চিন্তা করেছিলেন সেই পথে ছিলাম। তামিমের পর মুশফিকের আউট—পর পর দুই সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় নতুন ব্যাটসম্যানরা রান সেভাবে তুলতে পারেনি। স্বাভাবিক ব্যাটিং হলে ৩২০ হওয়ার কথা ছিল। শুরুতেই ওদের উইকেট নেওয়ার পর মাঝামাঝি সময়ে আর উইকেট নিতে পারেনি। ওরাও ভালোভাবে সামলেছে। ওই সময় মরগানের উইকেট যদি পেতাম...(তামিমের ক্যাচ), তখনো ওদের ৭ রান (ওভার পিছু) করে দরকার ছিল। একটা উইকেট পড়লে সেটা আরও বেড়ে যেত। যেটা ওদের জন্য আরও কঠিন হতো।’
তবুও আট ব্যাটসম্যান নিয়ে মাঠে নামার কার্যকারিতার প্রশ্ন থেকে যায়। রক্ষণাত্মক এই কৌশলে যেদিন ব্যাটিংয়ে ধস নামে, সেদিন আট ব্যাটসম্যানেও তা পুষিয়ে নেওয়া সম্ভব হয় না। আর যেদিন টপ অর্ডার ভালো করে সেদিন লম্বা ব্যাটিং লাইনআপ অপ্রয়োজনীয় মনে হয়।
ওভালেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে ভুলগুলো বাংলাদেশ শুধরে নিলে হয়।