কেনিয়াকে পেয়ে পাকিস্তানের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়া এসেছে পাকিস্তানে। এবার কি অন্য দলগুলোও ক্রিকেট খেলতে আসবে পাকিস্তানে? তেমনটাই আশা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কেনিয়ার এই সফরই পাকিস্তানের নিরাপত্তা নিয়ে অন্য দলগুলোর ধারণা পাল্টে দেবে বলেই বিশ্বাস দেশটির ক্রিকেট-কর্তাদের। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে জঙ্গি হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত পাকিস্তানে।
কেনিয়ার আগে গত সাড়ে পাঁচ বছরে পাকিস্তান সফর করা একমাত্র বিদেশি দল আফগানিস্তান। তবে বেশির ভাগ আফগান ক্রিকেটারের কাছে পাকিস্তান দ্বিতীয় বাড়ি। পাকিস্তানের উদ্বাস্তু শিবিরেই তাঁদের জন্ম, বেড়ে ওঠা, ক্রিকেটে হাতেখড়ি। তাই কেনিয়ার এই সফরটাই গুরুত্ব পাচ্ছে বেশি। পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদের কথাতেই পরিষ্কার সেটা, ‘কেনিয়ার সফরের গুরুত্বই আলাদা, কারণ ২০০৯ সালের মার্চের পর এই প্রথম এশিয়ার বাইরের কোনো পূর্ণ শক্তির দল পাকিস্তানে এল। এ সফরটা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ধারণা বদলে দেবে। আশা করছি, এরপর অন্য পূর্ণ সদস্যদলগুলোও সফরে আসবে।’ সফরে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে পাঁচটি ৪৫ ওভারের ম্যাচ খেলবে কেনিয়া। ক্রিকইনফো।