কেপটাউনে অসহায় শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটাকে ভালো বলা যাবে না। শেষটা হলো আরও ভয়ংকর। কেপটাউন টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসটা এ রকমই। উদ্বোধনী জুটিতে এল ৩১ রান। অলআউট ১১০ রানে। যার মানে ১০ উইকেট পড়ল ৭৯ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার ইনিংসের সবচেয়ে বড় ধস এটা। ধসের গল্পের শেষ এখানেই নয়। শেষ আটটি উইকেট তারা হারিয়েছে ৫৪ রানে। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এর চেয়ে কম রানে শেষ আট উইকেট হারানোর রেকর্ড আর মাত্র দুটি।
ইনিংসের গোড়ার দিকে কাগিসো রাবাদা আর শেষের দিকে ভারনন ফিল্যান্ডার। এই দুই পেসারের গতির কাছে অসহায় হয়ে পড়েন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। দুই ওপেনারকেই ফেরান রাবাদা। এই দুই শিকারে তিনি ছুঁয়ে ফেলেন টেস্টে ৫০ উইকেটের মাইলফলক। ১৩তম টেস্টে এই কীর্তি গড়লেন রাবাদা।
শ্রীলঙ্কা ফলোঅনে পড়লেও তা করায়নি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে তারা। ডিন এলগার ১৯ আর স্টিফেন কুক ১৫ রান নিয়ে উইকেটে আছেন।
কাল টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ছিল কুইন্টন ডি ককের। তাঁর ১০১ রানের ইনিংসটা দক্ষিণ আফ্রিকার স্কোরটা নিয়ে গেছে ৩৯২ পর্যন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কোনো উইকেটকিপার-ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এটা। টেন ৩, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ১১৬ ওভারে ৩৯২ (এলগার ১২৯, ডি কক ১০১; কুমারা ৬/১২২) ও ১১ ওভারে ৩৫/০ (এলগার ১৯*, কুক ১৫*)। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৩ ওভারে ১১০ (থারাঙ্গা ২৬*, করুনারত্নে ২৪; ফিল্যান্ডার ৪/২৭, রাবাদা ৪/৩৭)।