কেপটাউনে গেইল-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফটির পর গেইল l এএফপি
ফিফটির পর গেইল l এএফপি

জেগে থেকেই দুঃস্বপ্ন দেখলেন ফ্যাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ককে দুঃস্বপ্ন দেখালেন ক্রিস গেইল। ৩১ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৭৭ রান। পরশু কেপটাউনে গেইল যেন ক্যারিবিয়ান সাগর থেকে ধেয়ে আসা ‘হারিকেন’। আর তাতে লন্ডভন্ড হয়ে প্রোটিয়াদের সিরিজের প্রথম টি-টোয়েন্টিটা হারতে হলো ৪ উইকেটে।
১৭ বলে ফিফটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় দ্রুততম ফিফটি এখন গেইলের। গেইল অবশ্য একা নন, ১৭ বলে ফিফটি আছে আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও হল্যান্ডের স্টিভেন মাইবুর্গেরও। সবার ওপরে যুবরাজ সিং, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান।
লক্ষ্য ১৬৬। প্রচণ্ড ঝড়ের আগে যেমনটা দেখা যায়, শুরুতে শান্তই ছিল গেইলের ব্যাট। প্রথম ৬ বলে ১ রান। এরপরই বিস্ফোরণ। ফাস্ট বোলার কাগিসো রাবাদার করা দ্বিতীয় ওভারের শেষ দুটি বল লং অন ও মিড উইকেট দিয়ে গেল সীমানার বাইরে। টানা তৃতীয় ছক্কাটি মারলেন পরের ওভারের শেষ বলে কাইল অ্যাবটকে লং অফ দিয়ে উড়িয়ে। পরের চার বলে ৪, ৬, ৪, ২; এবারও পিটুনি খেলেন ১৯ বছর বয়সী রাবাদা। ষষ্ঠ ওভারে রাবাদাকে সরিয়ে ওয়েইন পারনেলকে আনলেও ঝড়ের গতি কমেনি। প্রথম দুই বলে ডোয়াইন স্মিথ ৫ রান নেওয়ার পর শেষ চার বলে গেইল করেন ৪, ৬, ৪ ও ৪ রান। শেষ বলটা বাউন্ডারি হতেই ফিফটি। ৬ বলে ১ থেকে ১৭ বলে ৫৩। ১১ বলে ৫২ রান করার পরই একটু থামেন গেইল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম, তবে ১৭ বলে ফিফটি গেইল আগেও করেছেন। ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭ বলে ফিফটি ছোঁয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গেইল সেঞ্চুরি করেছিলেন ৩০ বলেই। টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি করেই থামেননি গেইল, ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করে স্বীকৃত টি-টোয়েন্টির সর্বোচ্চ ইনিংসটাও সেদিন খেলেছিলেন।
একাদশ ওভারে গেইল যখন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, ৫৫ বলে ৫২ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতল ৪ বল হাতে রেখে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটা আজই জোহানেসবার্গে। এএফপি, ক্রিকইনফো।