কেপি জেতালেন মাহমুদউল্লাহকে
দিনের প্রথম ম্যাচে লাহোর কালান্দারসের বিপক্ষে মাহমুদউল্লাহর অবদান—২ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য, ব্যাটিংয়ে নামাই হয়নি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বাংলাদেশি ব্যাটসম্যানের। দ্বিতীয় ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ব্যাটিং ঠিকই পেয়েছেন পেশোয়ার জালমির তামিম ইকবাল ও সাকিব আল হাসান। কিন্তু রান কই? তামিম করলেন ৮ বলে ৪, সাকিব ৭ বলে ৫।
বাংলাদেশি সমর্থকদের কাল তাই হয়তো হতাশই করেছে পাকিস্তান সুপার লিগ। তবে সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের ভালো করতে দেখার আশা পূরণ না হলেও স্নায়ুক্ষয়ী একটি টি-টোয়েন্টি ম্যাচের দেখা মিলেছে। লাহোরের ২০০ রানও ৭ বল আর ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে মাহমুদউল্লাহর দল কোয়েটা।
কৃতিত্বটা কেভিন পিটারসেনের, ৪২ বলে ৮৮ রান করে কোয়েটাকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ইংলিশ ব্যাটসম্যান। জেসন রয়ের ৫১ রান, ফখর জামানের ৪৭ ও মোহাম্মদ রিজওয়ানের ৪৬ রানে ভর করে লাহোর গড়ে রানের পাহাড়। তবে কোয়েটা সেটিও পেরিয়ে যায় পিটারসেনের ঝোড়ো ওই ইনিংসে, যাতে চার ৩টি, ছক্কা ৮টি! অবদান আছে রাইলি রুশো (১৮ বলে ৩৩) ও সরফরাজ আহমেদেরও (২৫ বলে ৪৫)। ইনিংসের শেষ ২৩ বলেই কোয়েটা নিয়েছে ৭৮ রান! ক্রিকইনফো।