কেপি ফিরলে দল ছাড়তেন কুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর পক্ষে যতটুকু করা সম্ভব ছিল সবটুকুই করেছেন কেভিন পিটারসেন। আইপিএল বাদ দিয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছেন, সারের হয়ে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন, করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিও। প্রমাণ করেছেন, জাতীয় দলে খেলার মতো যথেষ্ট ফিট তিনি। কিন্তু এত কিছু করেও ইংল্যান্ড দলে জায়গা হয়নি। ইংল্যান্ডের নতুন ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বলে দিয়েছেন, আপাতত দলে পিটারসেনের জায়গা নেই। নিশ্চয়তা নেই ভবিষ্যতেরও।
সিদ্ধান্তটা স্ট্রাউসের। কিন্তু ব্রিটিশ দৈনিক মিরর জানিয়েছে, এর পেছনে বড় ভূমিকা আছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ও দলের আরও কয়েকজন সদস্যের। পিটারসেনের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে রাজি নন তাঁরা। কুক নাকি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন, পিটারসেন দলে ফিরলে ইংল্যান্ডের হয়ে আর খেলবেন না তিনি। একই মত ছিল দলের আরও কয়েকজনের। সবাই স্ট্রাউসকে বলে দিয়েছেন, ‘হয় আমরা, নয় পিটারসেন।’ এ অবস্থায় পিটারসেনের জন্য ইংল্যান্ডের দরজাটা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না স্ট্রাউসের। মিরর-এর কাছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি ঘনিষ্ঠ সূত্র স্বীকার করেছেন, ‘গত কয়েক বছরে কেপি দলের সঙ্গে জড়িত অনেকের জীবন দুর্বিষহ করে তুলেছে। সে ফিরবে—এই চিন্তাটাই ওদের আতঙ্কিত করে তোলে।’
কুক ও তাঁর অনেক সতীর্থের অনুভূতিটা এ রকম হতে পারে। তবে সবার বোধ হয় না। ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেলই যেমন অন্য দলে। কেভিন পিটারসেনের সঙ্গে প্রায় ১০ বছর খেলার অভিজ্ঞতা থেকে বেলের মূল্যায়ন, ‘অবশ্যই সে অসাধারণ খেলোয়াড়। সম্ভবত আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে সেরা। ওকে পেলে যেকোনো দলেরই শক্তি বেড়ে যাবে।’ আর এ কারণেই পিটারসেনের জন্য ইংল্যান্ড দলের দরজাটাকে একেবারে বন্ধও মনে করেন না বেল, ‘এখন আমাদের মিডল অর্ডারে জায়গা নেই। সবাই খুব ভালো খেলছে এবং আসছে গ্রীষ্মে সবারই সুযোগ পাওনা। কিন্তু সে যদি রান করতে থাকে, হয়তো জায়গা হতেও পারে।’
পিটারসেনের অনেক আচরণ ইংলিশ ক্রিকেটের জন্য ভালো কিছু ছিল না বলে বিশ্বাস করেন সাবেক অধিনায়ক নাসের হুসেইনও, ‘পিটারসেনকে নিয়ে অনেকেরই স্মৃতি খুব স্বল্প মনে হচ্ছে। যে কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, সেসব অপকর্মের তালিকা এক হাত লম্বা হবে।’ তবে এত কিছুর পরও তাঁকে একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়া যথার্থ মনে করেন না হুসেইন, ‘আমি যখন অধিনায়ক ছিলাম, সেরা খেলোয়াড়কেই দলে নেওয়ার চিন্তায় বিশ্বাস করতাম। আপনি যখন অধিনায়ক কিংবা কোচ হবেন, কঠিন চরিত্রের খেলোয়াড়দের সামলানোটাও আপনার কাজ। এ কারণেই আপনাকে বেশি বেতন দেওয়া হয়। এ কারণেই আপনাকে ওই দায়িত্বটা দেওয়া হয়। কেউ অবসর নেওয়ার আগ পর্যন্ত তাকে বাতিল করে দেওয়ার এখতিয়ার নেই আমাদের।’ এএফপি, মিরর।