কেপির জন্য আশার আলো
তাহলে কি কেভিন পিটারসেন-অধ্যায় আবার শুরু হতে যাচ্ছে? গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল থেকে ছেঁটে ফেলা হয় কেপিকে। ইংল্যান্ড দলে ফেরার রাস্তাটা তাঁর চিরতরেই বন্ধ হয়ে গেছে—তখন এটা ভেবে নেওয়াই ছিল স্বাভাবিক। তবে দিন কয়েক আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান কলিন গ্রেভস দায়িত্ব নিয়েই যে কথাটি বলেছিলেন, তাতেই কিন্তু পিটারসেনের সামনে খুলে যায় একটি আশার দিগন্ত। গ্রেভস বলেছিলেন, কাউন্টিতে ফিরলে আবার হয়তো সুযোগ মিলতে পারে কেপির। সে পথেই হঁাটছেন কেপি। কাল ইংলিশ কাউন্টি দল সারে নিশ্চিত করেছে, ৩৪ বছর বয়সী পিটারসেন এই মৌসুমে তাদের হয়ে খেলছেন।
কেপি এতে উল্লসিত। দ্য টেলিগ্রাফ-এ নিজের কলামে লিখেছেন, আবারও ইংল্যান্ডের টুপিটা মাথায় পরতে কঠোর পরিশ্রম করতে প্রস্তুত হচ্ছেন তিনি। কার্ডিফে প্রথম চার দিনের ম্যাচ খেলার জন্য প্রাক্-মৌসুম অনুশীলন শুরু হচ্ছে তাঁর আগামী সপ্তাহ থেকে। ‘অনেকেই ভেবে নিয়েছিল কঠোর পরিশ্রম করতে এবং কাউন্টি ক্রিকেট খেলার জন্য আমি আর নিজেকে প্রস্তুত করতে পারব না, কিন্তু ইংল্যান্ডের টুপিটা ফিরে পেতে আমি যেকোনো কিছুই করব’—লিখেছেন কেপি। এএফপি।