কেপির দরজা বন্ধই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি ডাক আসে! এই আশায় শুক্রবার ফোনটা খোলা রেখেছিলেন কেভিন পিটারসেন। সেদিন ফোন না এলেও দিন শেষে সুখবরই শুনেছিলেন কেপি। ‘শত্রু’ অ্যালিস্টার কুককে যে সরিয়ে দেওয়া হয়েছে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়কের পদ থেকে। কেপির আবার ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্নটা নিশ্চিতই একটু জল পেয়েছিল। স্বপ্ন ভাঙতেও সময় লাগেনি, ইংলিশ ক্রিকেটের হর্তাকর্তারাও বেশি সময় নিলেন না পিটারসেনকে চূড়ান্ত কথাটা শুনিয়ে দিতে। সাত তাড়াতাড়িই বলে দিলেন কেপির জন্য ইংল্যান্ড দলের দরজাটা আর খুলছেন না তাঁরা।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া পিটারসেনকে পরশু শেষ কথাটা শুনিয়ে দিলেন ইসিবির ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন, ‘গত জানুয়ারিতেই আমরা কেভিনের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছি। কারণটা হলো পুরো ইসিবি ম্যানেজমেন্ট, ড্রেসিংরুম থেকে বোর্ড পর্যন্ত সব জায়গাতেই মনে হয়েছিল আমাদের একটু ভিন্ন পথে হাঁটতে হবে।  কেভিনের বই বাকি বন্ধনটুকুও শেষ করে দিয়েছে। আমাদের দিক থেকে পেছনে ফিরে যাওয়ার কোনো কারণ নেই।’ রয়টার্স।

গত অক্টোবরে আত্মজীবনীতে ইসিবি থেকে শুরু করে সতীর্থ অনেককেই তুলাধোনা করেছেন কেপি। সেটা মনে রেখেই কি না প্রধান নির্বাচক জেমস হুইটেকার খোলাখুলিই বলে দিলেন কেপির কোনো ভবিষ্যৎ নেই, ‘গত জানুয়ারিতে ইসিবি সিদ্ধান্তটা নিয়েছে, সিদ্ধান্তটা এখনো একই আছে। পিটারসেনের আবার ইংল্যান্ড দলে ফেরার কোনোই পথ নেই।’