কেবল অস্ট্রেলিয়াই 'একমাত্র' হয়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপেন করতে নেমেছিল গিলক্রিস্ট-হেইডেন জুটি। তিনে নামতেন অধিনায়ক রিকি পন্টিং। ব্যাটসম্যানদের বাকি তালিকাটাও বোলারদের মনে ভয় ধরিয়ে দিত: ডেমিয়েন মার্টিন, মাইক হাসি, সাইমন ক্যাটিচ। বোলার ছিলেন ম্যাকগ্রা-গিলেস্পিরা। ২০০৫ সালে অপরাজেয় অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। শুধু অস্ট্রেলিয়া বিশ্বসেরা দল ছিল বলে নয়; বাংলাদেশ দলও তখন জিতত কালেভদ্রে। ১৯৯৯ সালে পাকিস্তান ও ২০০৪ সালে ভারতকে হারানো ছাড়া বড় দলগুলো বলতে কেবল জিম্বাবুয়ের বিপক্ষে জয় ছিল চারটি।

টেস্ট খেলুড়ে বাকি ৬ সদস্যের বিপক্ষে তখনো ওয়ানডে জেতা হয়নি। ২০০৫ সালের ১৭ জুন পর্যন্ত ছিল এই হিসাব। ১৮ জুন এল কার্ডিফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। আশ্চর্যের বিষয় হলো, এরপর বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৯ বার হারিয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে সাতবার, দক্ষিণ আফ্রিকাকে তিনবার। জিম্বাবুয়ে বিপক্ষে এসেছে মোট ৩৯টি জয়। ভারতকেও হারানো গেছে ৫ বার। পাকিস্তান ২০১৫ সালে ৩-০তে সিরিজ হেরে গেছে।
৯ মূল প্রতিপক্ষের সব দলের বিপক্ষে একাধিক জয় হয়ে গেছে বাংলাদেশের। শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই জয়টি এখনো একমাত্র হয়ে আছে! কার্ডিফের সেই ম্যাচের পর আরও ১৩ বার মুখোমুখি হয়েছে দুদল। টানা ১২ বার হারার পর বাংলাদেশ সর্বশেষ ম্যাচে স্বস্তি পেয়েছিল। গত বিশ্বকাপে সেই ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে!