কেবল টেস্টই খেলবে অস্ট্রেলিয়া
কদিন ধরেই একটি খবর ভাসছিল বাতাসে—অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সঙ্গে নাকি একটি ওয়ানডে সিরিজ খেলার তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। তবে আজ নিশ্চিত হওয়া গেল, বাংলাদেশ সফরে পূর্ব নির্ধারিত দুটো টেস্টের বাইরে কোনো ওয়ানডে খেলবে না তারা। ২৮ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সফর।
এরই মধ্যে অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। ২৮ সেপ্টেম্বর ঢাকায় পা রেখে পরের চার দিন বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করবে সফরকারীরা। এরপর ৩ অক্টোবর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাইকেল ক্লার্কের দল।
৬ অক্টোবর অস্ট্রেলিয়া উড়াল দেবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ৯ অক্টোবর। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ঢাকা টেস্ট দিয়ে শেষ হবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ-যাত্রা।
অস্ট্রেলিয়া সিরিজের সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
০৩-০৫ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ফতুল্লা
০৯-১৩ অক্টোবর প্রথম টেস্ট চট্টগ্রাম
১৭-২১ অক্টোবর দ্বিতীয় টেস্ট ঢাকা