কেমন আছেন শফিউল?

বাঁ হাতের বুড়ো আঙুলে টেপিং করা। আঙুলের কী অবস্থা জিজ্ঞেস করতেই সেদিকে একবার তাকিয়ে শফিউল ইসলাম বললেন, ‘ভালো...এখন তো বলও করছি।’
শফিউল একজন পেস বোলার। কিন্তু তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। এমন হালকা-পাতলা শারীরিক গড়ন নিয়ে কেউ পেস বল করতে পারে, শফিউলকে না দেখলে অনেকে তা বিশ্বাসই করবেন না। অবশ্য এই শরীর নিয়ে জোরে বল করাটা যে আসলেই একটা সংগ্রামের কাজ, তার প্রমাণও বগুড়ার এই তরুণ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পাঁচ বছর পরও শফিউল জাতীয় দলে অপরিহার্য নাম নন। দল নির্বাচনের সভায় তাঁকে নিয়ে আলোচনা উঠলেও আগে জেনে নিতে হয়, শফিউল সুস্থ তো!
পেস বোলারদের ক্ষেত্রে এ রকম জিজ্ঞাসা থাকাটাই স্বাভাবিক। শফিউল তবু ব্যতিক্রম, কারণ তাঁর সুস্থতা নিয়ে প্রশ্নগুলো ক্রিকেটীয় কারণে ওঠে না। একবার তাঁর বাঁ পায়ের চামড়া শক্ত হয়ে গেল, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যেটাকে বলে ‘কর্ন’। সমস্যার স্বাভাবিক চিকিৎসাই চলছিল। তারপরও কী মনে করে যেন একপর্যায়ে নিজেই শক্ত চামড়া ব্লেড দিয়ে কাটা শুরু করলেন। প্রতিক্রিয়াটা এমনই গুরুতর হলো যে, খেলাই বন্ধ হওয়ার উপক্রম!
এখন যে বাঁ হাতের বুড়ো আঙুলে টেপিং করে ঘুরছেন, সেটার পেছনেও আছে ‘কর্ন’ঘটিত সমস্যা। শফিউল ছিলেন বগুড়ায়। কর্ন টেপ ব্যবহারেও কাজ না হওয়ায় শরণাপন্ন হলেন স্থানীয় এক চিকিৎসকের। বাকিটা শফিউলের কাছ থেকেই শুনুন, ‘কর্ন টেপেও কাজ হচ্ছিল না। ডাক্তার তাই জায়গাটা কাটেন। কিন্তু কর্নটা ভেতরে অনেক বড় ছিল। ডাক্তার পুরোটাই কেটে বের করেছেন। কিন্তু পরে যে সেলাই করেছেন, সেটা ভালো হয়নি।’ পরিণতি সংক্রমণ এবং চিকিৎসা দীর্ঘায়িত হওয়া।
ক্রিকেটারদের জন্য দেশের সেরা হাসপাতালগুলোয় চিকিৎসার ব্যবস্থা করে রেখেছে বিসিবি। প্রয়োজনে পাঠানো হয় বিদেশে। আছে নিজস্ব চিকিৎসক, ফিজিও। যেকোনো শারীরিক সমস্যায় ক্রিকেটারদের সাহায্য, পরামর্শ আর চিকিৎসা দেওয়াই তাঁদের কাজ। কিন্তু সেগুলো চাইতে তো হবে! তাদেরই কারও কারও মতে যদি কাটাছেঁড়া করতেই হয় শফিউলের উচিত ছিল ঢাকায় এসে ভালো একটা হাসপাতালে তা করা। বগুড়ায় তাঁর হাতে যে ধরনের সেলাই দেওয়া হয়েছে, সেটা এই যুগে অচল। যে সমস্যা সারতে পারত এক থেকে দুই সপ্তাহে, সেটার জন্য শফিউল ভুগলেন দুই মাসেরও বেশি।
শফিউলের বারবার থমকে যাওয়ায় ফিটনেসের ঘাটতিও একটা কারণ। তাঁর অন্য শারীরিক সমস্যাগুলোর পেছনে এটারই ভূমিকা দেখেন সংশ্লিষ্টরা। অথচ শফিউল, নাসির, তাইজুলের মতো দুর্বল শরীরের ক্রিকেটারদের জন্য শুধু গত এক বছরেই বিদেশ থেকে ১০ হাজার ডলারের ‘ফুড সাপ্লিমেন্ট’ এনেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। যেহেতু ক্রিকেট খেলায় অনেক বেশি শারীরিক পরিশ্রম হয়, ফিজিও-ট্রেনাররা মিলে ক্রিকেটারদের খাদ্যতালিকাটা এমনিতেই বেশ উচ্চমানের রাখেন। সেই খাবারেও যাদের শরীরে যথেষ্ট শক্তি আসে না বা প্রয়োজনীয় উপাদনগুলোর অভাব থেকে যায়, তাদের জন্যই ওই ‘ফুড সাপ্লিমেন্ট।’ কিন্তু এসব ‘টনিক’ও শফিউলের শরীরে পেস বোলারের ফিটনেস আনতে ব্যর্থ।
অবশ্য ফিটনেস তো আর শুধু খেয়েই আসে না, এর জন্য ট্রেনিংও করতে হয়। শফিউলের ব্যাপারে সংশ্লিষ্টদের সেখানেও অসন্তোষ। আঙুলের সমস্যার কারণে খেলার বাইরে থাকার সময়ে ফিটনেসের কাজ করায় বাধা না থাকলেও তিনি নাকি সেগুলো ঠিকভাবে করেননি। পরিণতি—৪-৫ ওভার বল করলেই শুরু হয় পিঠের ব্যথা। শফিউল নিজে অবশ্য জোর গলায় বললেন, ‘মাঝে দেড় মাসের মতো বল না করলেও অন্যান্য কাজ করেছি। ফিটনেসের জন্য যা যা করা দরকার, তার এক শ ভাগই আমি করে যাচ্ছি। এখন তো প্র্যাকটিসে ৮-১০ ওভার করে বল করছি।’
—তাহলে বিসিএলের শেষ পর্বের ম্যাচে খেলার সুযোগ থাকলেও কেন নিজে থেকেই সরে দাঁড়ালেন?
শফিউল: তখন মাত্র আমি চোট থেকে ফিরেছি। অনুশীলন শুরু করি ওই ম্যাচের দুই দিন আগে। এমন গরমের মধ্যে খেললে হয়তো লোড নিতে পারতাম না। সে কারণেই...।
শফিউল সর্বশেষ ম্যাচ খেলেছেন গত ফেব্রুয়ারিতে, জাতীয় লিগে। এরপর ঘরোয়া ক্রিকেটে বিসিএল হয়েছে, শফিউল খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপ হয়েছে। আল-আমিন হোসেনের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া উড়ে গেলেও নামা হয়নি মাঠে। পাকিস্তান সিরিজ গেল, শফিউল সেখানেও অনুপস্থিত। এখন অপেক্ষা ভারত সিরিজের। ২৩ জনের প্রাথমিক দলে আছেন। দুই সপ্তাহ ধরে বল করে শফিউল আশাবাদী হয়তো থাকবেন টেস্ট দলেও। আশার বাণী শোনালেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ণও, ‘ওর এখন যেটা সমস্যা তা হলো কিছু কিছু জায়গায় মাংসপেশিতে জড়তা। খেলার তো এখনো অনেক দেরি। আমরা চেষ্টা করছি। আশা করছি, সাত-আট দিনের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে উঠবে ও।’
কিন্তু নির্বাচকেরা কি আস্থা রাখবেন শফিউলের ওপর? টেস্টের দল ঘোষণার পরই বোঝা যাবে তা। তবে কাল পর্যন্ত যা খবর, তাতে মনে হলো ফিটনেসের পাশাপাশি তাঁর ম্যাচ প্র্যাকটিসের অভাবটাও বড় হয়ে উঠছে দল নির্বাচনী সভায়। সেখানে যে দশে শূন্য পাচ্ছেন শফিউল!