কেমন হবে বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রনি তালুকদারের অভিষেক হচ্ছে আজ? ছবি: প্রথম আলো
রনি তালুকদারের অভিষেক হচ্ছে আজ? ছবি: প্রথম আলো

বিশ্বকাপে তিন পেসার খেলিয়ে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাওয়া সিরিজেও কী একই পথে হাঁটবে বাংলাদেশ? আজ মিরপুরের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ কেমন হবে? স্পিনার খেলবেন কয়জন, কয়জন ব্যাটসম্যানই বা বাংলাদেশের একাদশে জায়গা করে নেবেন-এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। মাশরাফি বিন মুর্তজার নিষেধাজ্ঞাজনিত কারণে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য বলেছেন, পরিবেশ-পরিস্থিতি আর কন্ডিশন বিবেচনা করেই ঠিক হবে বাংলাদেশের প্রথম একাদশ।
সাকিবের ভাষ্য অনুযায়ী ঢাকার কন্ডিশন বিবেচনা করেই আজ তিন পেসার খেলানোর কোনো সম্ভাবনা নেই। বিশ্বকাপ পারফরম্যান্সের বিবেচনায় রুবেল হোসেন হয়তো পেসার হিসেবে জায়গাটা পাকাপাকিই করে রেখেছেন। মাশরাফি না খেলায় দ্বিতীয় পেসার হিসেবে দলে ঢুকবেন তাসকিন। দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফি ফিরে আসলে কে বাদ পড়বেন, এ নিয়ে হয়তো প্রথম ওয়ানডেতেই জোর প্রতিযোগিতা চলবে রুবেল আর তাসকিনের মধ্যে। শেষ পর্যন্ত বাকি সিরিজে মাশরাফির সঙ্গী কে হবেন, তা নির্ধারণের জন্য রুবেল-তাসকিনের লড়াইটা কিন্তু উপভোগ্যই হওয়ার কথা।
বাংলাদেশ দলের একটি সূত্র জানাচ্ছে উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী হতে যাচ্ছেন অভিষেকের অপেক্ষায় থাকা রনি তালুকদার। তাঁর অভিষিক্ত হওয়াটা নাকি মোটামুটি নিশ্চিতই। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সেই ব্যাটিংয়ের তিন নম্বর জায়গাটায় নিজেকে স্থায়ী করেছেন সৌম্য সরকার। চারে থাকছেন আরেক বিশ্বকাপ পারফরমার মাহমুদউল্লাহ। পাঁচে মুশফিকুর রহিম আর ছয়ে সাকিব আল হাসানের স্থান তো নির্দিষ্টই। সাত নম্বর জায়গাটা এই মুহূর্তে নিজেরই করে নিয়েছেন সাব্বির রহমান। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স তো ছিলই, পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সাব্বির অনবদ্যই। আট নম্বর জায়গাটি হয়তো নাসিরকে দিতেই হচ্ছে। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেই নিজের দাবি সুপ্রতিষ্ঠিত করেছেন তিনি। সাকিবের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে আরাফাত সানির দলভুক্তি নিশ্চিত। দলে জায়গা পাচ্ছেন না মুমিনুল হক। ওয়ানডে ক্রিকেটার হিসেবে খুব একটা সুনাম না থাকাই মূলত মুমিনুলের ব্রাত্য হওয়ার কারণ। জায়গা হওয়ার কোনো সম্ভাবনা নেই আবুল হাসানেরও।
প্রথম ওয়ানডেতে  সম্ভাব্য বাংলাদেশ দল: ১. তামিম ইকবাল ২. রনি তালুকদার ৩. সৌম্য সরকার ৪. মাহমুদউল্লাহ ৫. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ৬. সাকিব আল হাসান (অধিনায়ক) ৭. সাব্বির রহমান ৮. নাসির হোসেন ৯. আরাফাত সানি ১০. রুবেল হোসেন ১১. তাসকিন আহমেদ।