কেমন হলো সাকিবের আইপিএল-প্রস্তুতি?

>
- লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব-মাহমুদউল্লাহরা
- মাহমুদউল্লাহর সবুজ দল টস জিতে ব্যাটিং করে ১৭.৩ ওভারে ৯৬ রানে অলআউট
- ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সাকিবের লাল দল
নির্বাচকেরা নানা যুক্তি দিয়েছেন, কিন্তু এটা ‘ওপেন সিক্রেট’, ম্যাচটা আসলে আয়োজন করা হয়েছে সাকিব আল হাসানের জন্যই। ঢাকা প্রিমিয়ার লিগে তাঁর দল মোহামেডান সুপার লিগে না ওঠায় নিদাহাস ট্রফির পর ব্যক্তিগত উদ্যোগেই প্রস্তুতি নিচ্ছিলেন। ২ এপ্রিল আইপিএলে যাওয়ার আগে একটা ম্যাচ প্র্যাকটিস যেন সাকিবের হয়, সে উদ্দেশ্যেই লাল-সবুজ দল দিয়ে ফ্লাডলাইটের আলোয় টি-টোয়েন্টি ম্যাচটির আয়োজন।
যাঁকে কেন্দ্র করে আজ এত আয়োজন, সেই সাকিবের আইপিএল-প্রস্তুতি কেমন হলো? ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করলে দুরকম উত্তর আসবে—বোলিংটা ভালো হয়েছে, ব্যাটিং নয়।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় মাহমুদউল্লাহর সবুজ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারানো সবুজ দল পুরো ২০ ওভারই খেলতে পারেনি। ১৭.৩ ওভারে ৯৬ রান তুলে অলআউট। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত ছিলেন নয়ে নামা দেলওয়ার হোসেন। জ্বর নিয়ে খেলা মাহমুদউল্লাহর রান ১১।
সাকিব বোলিংয়ে এলেন ইনিংসের চতুর্থ ওভারে। নিজের প্রথম ওভারেই উইকেট, বোল্ড করে দিলেন জুনিয়র আল আমিনকে। ৪ ওভারে ১৮ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। ২৪ বলের ডটই দিয়েছেন ১৪টি।
সাকিব-মাহমুদউল্লাহ খেলছেন বলেই মিরপুর স্টেডিয়ামে শ পাঁচেক দর্শকও দেখা গেল। এত দর্শক প্রিমিয়ার লিগের ম্যাচেও দেখা যায় না! কিন্তু দর্শকদের খুব একটা বিনোদন জোগাতে পারেননি দুই তারকা ক্রিকেটার। প্রতিপক্ষের দেওয়া লক্ষ্যটা খুব বড় নয় বলেই সাকিব নেমে পড়লেন ওপেনিংয়ে, যাতে ব্যাটিংটা ঝালিয়ে নেওয়া যায় ভালোভাবে। দেলওয়ার হোসেনকে স্কয়ার কাটে বাউন্ডারি মেরে শুরুটা ভালোই করেছিলেন।
কিন্তু বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। অহেতুক ছটফটানিতে ব্যাটিং অনুশীলনটা ভালো হয়নি। নাহিদুলকে উইকেট থেকে বেরিয়ে এসে চালাতে গিয়ে বল বাতাসে ভাসিয়ে দিলেন। পয়েন্টে সেটি মুঠোয় পুড়লেন মেহেদী মারুফ। ১১ মিনিট উইকেটে থেকে ১১ বল খেলে ৩ চারে সাকিবের রান ১৫। যেহেতু এ ম্যাচের কোনো তাৎপর্য নেই, প্রস্তুতিই আসল কথা, আরেকবার ব্যাটিং করবেন কি না, এমনও ভেবেছিলেন। দ্বিতীয়বার ব্যাটিংয়ের আগ্রহ না পেয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই চলে গেছেন বাসায়।
জাকির হাসানের অপরাজিত ৩৭ রানের সৌজন্যে লাল দল ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে ১৬.১ ওভারেই। এ ম্যাচ থেকে পাওয়ার কিছুই নেই, তাই বলে এতটা নিরুত্তাপ ম্যাচ উপহার দেবে দুই দল! দুই নির্বাচক আর অন্তর্বর্তীকালীন কোচ কোর্টনি ওয়ালশ অবশ্য সিরিয়াস ভঙ্গিতেই ম্যাচটা দেখলেন, যেন এ ম্যাচের পারফরম্যান্স দেখে সামনে দল গড়া হবে!