কেয়ার্নস এখন ট্রাক চালান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৪ বছরের জীবনে মুদ্রার এ পিঠ-ও পিঠ দুটোই দেখলেন কেয়ার্নস। ফাইল ছবি
৪৪ বছরের জীবনে মুদ্রার এ পিঠ-ও পিঠ দুটোই দেখলেন কেয়ার্নস। ফাইল ছবি

ক্রিস কেয়ার্নস-একটা সময়ের বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁর হাত ধরে ব্ল্যাক ক্যাপসরা পেয়েছে বহু স্মরণীয় জয়। নিউজিল্যান্ডকে জিতিয়েছেন অনেক শিরোপা। বিশেষ করে ২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেই ফাইনালের কথা না বললেই নয়। এ অলরাউন্ডারের অপরাজিত ১০২ রানের সুবাদে প্রথম কোনো আইসিসি শিরোপার স্বাদ পেয়েছিল নিউজিল্যান্ড। সেই কেয়ার্নস এখন জীবিকা নির্বাহ করেন ট্রাক চালিয়ে, বাস রাখার গ্যারেজ পরিষ্কার করে!
যদিও কয়েকটা বছর তিনি সংবাদ শিরোনাম হয়েছেন ম্যাচ ফিক্সিংয়ের কারণে। এ নিয়ে লোলিত মোদির সঙ্গেও ঝামেলা কম হয়নি। এখন ব্রিটিশ সরকার তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারে। কিন্তু কেন, কেন এ পরিণতি বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডারের? জানা যায়, মামলাসংক্রান্ত খরচ মেটাতে গিয়ে তীব্র আর্থিক সংকটে বিপর্যস্ত কেয়ার্নস। এখন নিউজিল্যান্ডের রাজধানীতে ট্রাক চালিয়ে-বাস গ্যারেজ পরিষ্কার করে ঘণ্টায় সাকল্যে ১৭ ডলার উপার্জন করেন। এ দিয়েই চলছে ৪৪ বছর বয়সী সাবেক ব্ল্যাক ক্যাপস তারকার জীবন।
অবস্থা এতটাই করুণ যে চলতি মাসের শেষে ইংল্যান্ডে গিয়ে নিজেকে নির্দোষ যে প্রমাণের চেষ্টা করবেন, তার বিমান ভাড়াটাও জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। শুধু তা-ই নয়, সংসারের ব্যয় বহন করাও তাঁর জন্য ভীষণ কঠিন হয়ে পড়েছে। কেয়ার্নসের এ দুরবস্থার কথা সংবাদমাধ্যমে প্রকাশ করেন তারই ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ ডিওন ন্যাশ। নিউজিল্যান্ডের একটি দৈনিককে ন্যাশ বলেছেন, ‘ক্রিস অনেক কষ্ট করছে এবং পরিবারকে টেনে নিতে নিজের সর্বোচ্চটাই করছে।’ সূত্র: জিনিউজ।