কেয়ার্নসকে ম্যাককালামের জবাব

ক্রিস কেয়ার্নস কলামটা লিখেছিলেন গত রোববারে। ‘দয়া করে ব্যাখ্যা দাও, ব্রেন্ডন’—শিরোনামে সানডে স্টার টাইমস-এর সেই কলাম হয়তো ব্রেন্ডন ম্যাককালামের চোখে পড়েনি। কিংবা হয়তো পড়েছিল, জবাব দেওয়ার দরকার মনে করেননি। কিন্তু সংবাদমাধ্যম ছাড়বে কেন? ডানেডিনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট সামনে রেখে ম্যাককালাম কথা বলতে আসার পর এই প্রশ্ন-সেই প্রশ্ন শেষে হঠাৎ করেই উঠল প্রসঙ্গটা—কেয়ার্নস যে ব্যাখ্যা চেয়েছেন, সেটা কি দেবেন ম্যাককালাম?
ম্যাককালাম কী জবাব দিয়েছেন, সেটা জানার আগে কেয়ার্নস কিসের ব্যাখ্যা চেয়েছিলেন, সেটা জানা দরকার। শপথ নিয়ে মিথ্যা বলা ও বিচার প্রভাবিত করার অভিযোগে চলা মামলায় লন্ডনের আদালত সম্প্রতি মুক্তি দিয়েছেন কেয়ার্নসকে। যে মামলায় কেয়ার্নসের আরও কয়েকজন সাবেক সতীর্থের মতো সাক্ষ্য দিয়েছেন ম্যাককালাম। যে সাক্ষ্য আসলে কেয়ার্নসের বিরুদ্ধেই গিয়েছিল। কিন্তু সন্দেহাতীতভাবে কিছু প্রমাণিত না হওয়ায় আদালত নির্দোষ ঘোষণা করেছেন কেয়ার্নসকে। রায়ের কয়েক দিন পর তাই নিউজিল্যান্ডের সানডে স্টার টাইমস-এ এক কলামে কেয়ার্নস লিখেছিলেন, ‘ব্রেন্ডন, আমি তোমাকে আবার জিজ্ঞেস করছি, কেন তুমি আমার পরিবারের ওপর এই যন্ত্রণা আর ভোগান্তি নিয়ে এলে?’
অবশেষে কাল সংবাদমাধ্যমের সামনে এ বিষয় মুখ খুললেন ম্যাককালাম। তাঁর দাবি, ‘কে দায়ী সাব্যস্ত হলো আর কে হলো না, এটা আমার দেখার কথা নয়। আমার কর্তব্য ছিল, আমার কাছে যে প্রমাণ আছে সেগুলো দিয়ে বিচারকাজে সহায়তা করা। ওই সময়, সত্যি কথা বলতে, আমি নিজেকে আবেগের ঊর্ধ্বেই রেখেছিলাম।’
ম্যাককালামের দাবি, লন্ডনের আদালতে কেয়ার্নসের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে যে প্রমাণাদি হাজির করেছিলেন, তা ঠিকই ছিল। তিনি কেন সাক্ষ্য দিয়েছেন, সেটি তাঁর ব্যক্তিগত ব্যাপার।
একজনের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ তুলে ধরলেন আদালতে, কিন্তু আদালতে সেটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হলো না—এ কারণে তাঁর সুনাম কি একটু প্রশ্নবিদ্ধ হলো? ম্যাককালাম তা মনে করেন না, ‘আমি মনে করি না সাক্ষ্য দেওয়ায় আমার সুনাম প্রশ্নের মুখে পড়েছে। আমি শুধু এই বিচারপ্রক্রিয়ায় অনেক সাক্ষীর মধ্যে একজন ছিলাম।’
কেয়ার্নসের ‘দয়া করে ব্যাখ্যা দাও’ কলামের দাবিতে সাড়া দেবেন কি না, এই প্রশ্নে ম্যাককালাম বলেছেন, ‘আমার মনে হয় না আমার সেটা করার দরকার আছে।’
এই মামলা থেকে মুক্তি পেলেও কেয়ার্নসের বিরুদ্ধে ললিত মোদি আরও একটি ‘প্রতারণা’ মামলা করবেন বলে জানিয়েছেন। সেই মামলায়ও কি সাক্ষ্য দেবেন ম্যাককালাম? এ নিয়ে নিউজিল্যান্ড অধিনায়কের মন্তব্য, ‘এটা এখন পর্যন্ত জল্পনা-কল্পনার মধ্যে। এ নিয়ে যথাযথ আলোচনার জায়গা এটা নয়। দেখা যাক, কী হয়।’ এএফপি।