কোচ পাচ্ছে কবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পরিচালক হিসেবে দলের কোচের শূন্যস্থান পূরণ করছেন মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি
পরিচালক হিসেবে দলের কোচের শূন্যস্থান পূরণ করছেন মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি

• বাংলাদেশের কোচ হতে সাক্ষাৎকার দেওয়া ফিল সিমন্স-রিচার্ড পাইবাস দুজনই অন্য বোর্ডে চাকরি পেয়ে গেছেন।
• কিন্তু বাংলাদেশের কোচ নিয়োগের অগ্রগতি কত দূর?

দুজনই গত ডিসেম্বরে বিসিবিতে এসেছিলেন সাক্ষাৎকার দিতে। রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স দুজনই পাওয়ার পয়েন্টে বাংলাদেশ দলকে নিয়ে নিজেদের উপস্থাপনা দিয়েছিলেন। কিন্তু মাশরাফি-সাকিবদের কোচ হওয়া যে তাঁদের হচ্ছে না, সেটি পরিষ্কার হয়ে গেছে।

ডিসেম্বরের শেষ দিকে আফগানিস্তানের কোচ হয়েছেন সিমন্স। কাল পাইবাস হলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের হাইপারফরম্যান্স পরিচালক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আগেও কাজ করেছেন তিনি। নতুন পদ তৈরি করে ফেরানো হয়েছে ইংলিশ বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান কোচকে। দুই বছরের চুক্তিতে নির্বাচক-কোচদের সঙ্গে পাইবাস কাজ করবেন ক্যারিবীয়দের সব পর্যায়ের ক্রিকেট নিয়ে।
চন্ডিকা হাথুরুসিংহে বিদায় নেওয়ার পর বাংলাদেশের কোচ হিসেবে যে কজনের নাম শোনা যাচ্ছিল তার মধ্যে পাইবাসই ছিলেন সবচেয়ে এগিয়ে। কিন্তু বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়েরা তাঁকে নিয়ে আপত্তি জানালে বিসিবি বিকল্প চিন্তা শুরু করে। ডিসেম্বরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন বেশ কজন হাইপ্রোফাইল কোচ। বিসিবি তাই আরেকটু সময় নিয়ে আর বুঝে-শুনে নিয়োগ দিতে চায় নতুন কোচ।
কদিন সম্ভাব্য কোচ হিসেবে গ্যারি কারস্টেনের কথাও শোনা গেছে। ব্যাটিং কোচ হিসেবে ম্যাকেঞ্জি-বেভানের নামও এসেছে। কিন্তু সুনির্দিষ্ট কাউকে এখনো নিশ্চিত করতে পারেনি বিসিবি।
ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা বর্তমান কোচিং স্টাফ চালিয়ে নিলেও অভিভাবকহীন বাংলাদেশ দলের পারফরম্যান্সে চিন্তিত বিসিবি জোরেশোরেই চালিয়ে যাচ্ছে কোচ সন্ধানের কাজ। বিসিবির ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বললেন, ‘আমরা গুরুত্বের সঙ্গেই হাইপ্রোফাইল কোচ খুঁজছি। এমনও হতে পারে, এই শ্রীলঙ্কা সিরিজের মাঝেও পেয়ে যেতে পারি। আবার মার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগেও হতে পারে।’