কোচহীন উইন্ডিজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওটিস গিবসন
ওটিস গিবসন

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গেলেই যেন ওলট-পালট শুরু হয়ে যায় ওখানকার ক্রিকেটে। ২০০৯ সালে যা হয়েছিল, সেটি তো ক্যারিবিয়ানের গৌরবময় ইতিহাসেই বড় এক লজ্জা। চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে বিদ্রোহ করেন প্রথম সারির সব ক্রিকেটার। ক্রিকেটারদের দাবিতে মাথা নত না করা বোর্ডও গোটা সিরিজ খেলিয়েছিল দ্বিতীয় সারির দলকে। এবার ওয়ানডে সিরিজ শুরুর আগে দেখা গেল, কোচ ছাড়াই অনুশীলন করছে ওয়েস্ট ইন্ডিজ দল। যা গুঞ্জন, ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে আর থাকছেন না ওটিস গিবসন।
গত পরশু গ্রেনাডার অনুশীলনে কোচ গিবসনের অনুপস্থিতিই ছড়িয়ে দেয় গুঞ্জনটা। গিবসন যে গ্রেনাডাতেই নেই, সেটি ত্রিনিদাদ এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন, ‘সে গ্রেনাডায় নেই, এতটুকুই কেবল আমরা নিশ্চিত করছি।’ গিবসন চাকরি ছাড়ছেন বা হারাচ্ছেন কি না, এই প্রশ্নের উত্তরে ক্যামেরন বলেছেন, ‘এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে চাইছি না।’ গিবসনের সঙ্গে বোর্ডের ‘গভীর আলোচনা’ চলছে বলে অবশ্য জানিয়েছেন।
ত্রিনিদাদ এক্সপ্রেসই জানিয়েছে, সাবেক ওপেনার স্টুয়ার্ট উইলিয়ামস ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ সিরিজে। আর সহকারী কোচ হতে যাচ্ছেন একসময় ব্যাটসম্যানদের মনে কাঁপন তোলা ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস। আর বাংলাদেশ সিরিজের পর প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাবেক এই কোচ এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ছিলেন ক্রিস গেইলের দল জ্যামাইকা তালাওয়াসের কোচ।
২০১০ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্বে আছেন গিবসন। মাঠের ক্রিকেটে পারফরম্যান্সের অধারাবাহিকতার পাশাপাশি বেশ কবার আলোচনায় উঠে এসেছেন গেইল-ব্রাভো-চন্দরপলদের মতো সিনিয়রদের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে। গত বছর প্রথম মেয়াদের দায়িত্ব শেষ হওয়ার পর আর নবায়ন করা হবে না বলেও জোর গুঞ্জন ছিল। কিন্তু অনেক বিতর্কের পর তখন আবারও তিন বছরের নতুন চুক্তি করা হয়। গিবসনের কোচিংয়ে ২৯ টেস্টের ৯টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, হেরেছে ১৬টি; ৯০ ওয়ানডের ৪৬টি জিতেছে, হেরেছে ৪৮টি আর ৪৫ টি-টোয়েন্টিতে ২২ জয়ের পাশে ২১ পরাজয়।
২০০৯ সালের মতো খোলনলচে পাল্টে যায়নি। গিবসনকে নিয়ে প্রশ্ন ছিল সব সময়ই। ড্রেসিংরুমে খুব একটা জনপ্রিয়ও ছিলেন না। তবু সিরিজ শুরুর ঠিক আগে এমন নাটকীয়তা ওয়েস্ট ইন্ডিজ দলের মনোযোগ খানিকটা নাড়িয়ে না দিয়ে পারেই না! ক্রিকইনফো, ত্রিনিদাদ এক্সপ্রেস।