
ওভারের পর ওভার মেডেন যাচ্ছে, হাশিম আমলা অবিচল। সঙ্গী ডি ভিলিয়ার্সও তা-ই। মাঝে বল হাতে পেয়ে শিখর ধাওয়ান পর্যন্ত এবি ডি ভিলিয়ার্সকে একটা মেডেন ওভার করে ফেললেন! ডি ভিলিয়ার্স পাত্তাই দিলেন না। না দেওয়ারই কথা।
ভারত ৪৮১ রানের লক্ষ্য দিয়েছে সত্যি, কিন্তু দক্ষিণ আফ্রিকার লক্ষ্য তো সেটা নয়! রান হলো কি হলো না, তাতে আদৌ কিছু যায় আসে না। আমলা-ডি ভিলিয়ার্সদের লড়াই তো আসলে রানের সঙ্গে নয়, সময়ের সঙ্গে। ফিরোজ শাহ কোটলায় কাল একটা বল, একটা করে ওভার গেছে, আর সেই কঠিন লড়াইয়ে আরেকটু আগে বেড়েছে দক্ষিণ আফ্রিকা।
আগেই বলা হয়েছে, লড়াইটা রান তোলার নয়, সময় কাটানোর। সেই লড়াইয়ে জেতা মানে তাই টেস্ট জয় নয়, আজ সারা দিন কাটিয়ে দিয়ে ড্র করাটাই লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। সেটি সম্ভব হলে তা জয়ের চেয়ে কম হবে না!
সম্ভব হোক বা না হোক, কাল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ৭২ ওভার বিরল এক অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করে দিয়েছে দর্শকদের। আধুনিক ক্রিকেটে ওভারের পর ওভার এমন টিকে থাকার লড়াই মনে করিয়ে দিয়েছে পুরোনো দিনের টেস্ট ক্রিকেটকে। যখন রানের কথা না ভেবে ব্যাটসম্যানদের ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং করার ক্ষমতা ছিল।
নিজের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ ও রাহানের টেস্টে জোড়া সেঞ্চুরির অর্জনের পর কোহলি যখন ইনিংস ঘোষণা করলেন, কাল লাঞ্চের পর আধঘণ্টা পেরিয়ে গেছে। প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত এগিয়ে গেছে ৪৮০ রানে। চার টেস্টের এই সিরিজে এখনো আড়াই শই করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। আর এখানে তো জয়ের কথা ভাবারই অবকাশ নেই। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে জয়ের জন্য সর্বোচ্চ রানের রেকর্ডই তো ৪১৮।
শুরু থেকেই উইকেট কামড়ে পড়ে থাকার প্রতিজ্ঞা প্রকাশিত দক্ষিণ আফ্রিকানদের ব্যাটিংয়ে। প্রথম ৮ ওভারের ৬টিই মেডেন। এরই মধ্যেই অবশ্য এলগার আউট। এর পরই বাভুমার সঙ্গে জুটি বেঁধে আমলা শুধু নিজের ধৈর্যের পরীক্ষাই দিলেন না, ভারতীয় বোলারদের পরীক্ষাও নিলেন।
৪৩তম ওভারে আউট হয়ে যাওয়ার আগে দুজন মিলে খেলেছেন ৩৮.৪ ওভার, রান মাত্র ৪৪। প্রথম রানটা নিতেই দক্ষিণ আফ্রিকান অধিনায়ক খেললেন ৪৬ বল! ততক্ষণে টেস্টে কোনো রান না করে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডও ঘাঁটাঘাঁটি শুরু হয়ে গেছে। সেই রেকর্ড অবশ্য অনেক দূরেই রয়ে গেছে, ১৯৬৩ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম রান নেওয়ার আগে ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান জন মারে খেলেছিলেন ৭৯ বল। পরে ডি ভিলিয়ার্সও যোগ্য সংগত দিলেন আমলাকে। ওয়ানডে ক্রিকেটে ৩১ বলে সেঞ্চুরি আছে, অথচ কাল প্রথম রান ৩৩তম বলে! দিন শেষে আমলা ২০৭ বলে ২৩ রান করে অপরাজিত। টেস্টে কমপক্ষে ২০০ বলের ইনিংসে যা মন্থরতম ব্যাটিংয়ের উদাহরণ। পরিস্থিতি বিবেচনায় আমলা এই রেকর্ড নিয়ে গর্বই করবেন! স্টার স্পোর্টস।


৭২ ওভারে ৭২ রান ও অন্যান্য
১
দিন শেষে দক্ষিণ আফ্রিকার রানরেট! টেস্টে কমপক্ষে ৫০ ওভার খেলা হয়েছে, এমন ইনিংসে এর চেয়ে কম রানরেট ছিল একবারই। ১৯৫৫ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৯০ ওভার খেলে নিউজিল্যান্ড তুলেছিল ৬ উইকেটে ৬৯!
৪৫
কাল প্রথম রান নেওয়ার আগে হাশিম আমলার খেলা বলের সংখ্যা। দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো ইনিংসে প্রথম রান নেওয়ার আগে এর চেয়ে বেশি বল খেলেছেন একজনই। ১৯৯৫ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম রান নেওয়ার আগে ক্লাইভ একস্টিন খেলেছিলেন ৪৬ বল।
১১.১১
আমলার স্ট্রাইক রেট। কমপক্ষে ২০০ বল খেলেছেন, এমন ইনিংসে এর চেয়ে কম স্ট্রাইক রেট নেই অন্য কোনো ব্যাটসম্যানের।
০.৭৮
আমলা-ডি ভিলিয়ার্সের ২৩ রানের জুটিতে ওভারপ্রতি রান। কমপক্ষে ১৭৫ বল স্থায়ী হয়েছে, এমন জুটিতে এর চেয়ে কম ওভারপ্রতি রান নেই আর কোনো।
৪৩
৭২ ওভারের ৪৩টিই মেডেন নিয়েছেন ভারতীয় বোলাররা। টেস্টে সমানসংখ্যক কিংবা এর চেয়ে কম ওভার খেলা হয়েছে, এমন ইনিংসে এর চেয়ে বেশি মেডেন হয়নি। ১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৬০ ওভারে বোলিং করে ৪৩টি মেডেন নিয়েছিলেন ইংলিশ বোলাররা।