কোথায় বাংলাদেশ, কোথায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের টেস্ট অভিষেকের তৃতীয় বছরেই হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি। ফাইল ছবি
বাংলাদেশের টেস্ট অভিষেকের তৃতীয় বছরেই হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি। ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষিত, ঐতিহাসিক—কত ট্যাগই না লাগছে বাংলাদেশ-ভারতের একমাত্র টেস্টটি নিয়ে। অভিষেকের ১৭তম বছরে এসে অবশেষে ভারতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষিত—এটা মানতেই হচ্ছে, তবে অধিনায়ক মুশফিকুর রহিম অন্তত এই টেস্টকে ঐতিহাসিক মানতে রাজি নন। সে তর্কে আজ আর না–ই গেলাম আমরা, বরং দুই দেশের টেস্টযাত্রাটা একটু দেখে নেওয়া যাক হায়দরাবাদ টেস্টের আগে—
** এ টেস্টটি ভারতের ৫০৮তম ও বাংলাদেশের ৯৮তম টেস্ট। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম যেবার দুই দল টেস্ট খেলেছিল, সেটা ছিল ভারতের ৩৩৪তম টেস্ট। আর বাংলাদেশের তো সেটাই ছিল অভিষেক টেস্ট। অর্থাৎ বাংলাদেশের আতিথ্যটা ফেরত দেওয়ার আগে আরও ১৭৩টা টেস্ট খেলেছে প্রতিবেশীরা।
** ৯৭ টেস্ট খেলতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ১৭ বছর। একই পথ পাড়ি দিতে ভারতের লেগেছে প্রায় দ্বিগুণ সময়, ৩৫ বছর। সময়ের হিসাবে পিছিয়ে থাকলেও দল বা ব্যক্তিগত অর্জনে এগিয়ে আছে ভারতই।
** ৯৭ টেস্টে বাংলাদেশ দেখেছে ৪৫টি সেঞ্চুরি, ভারত পেয়েছিল ৭৩টি। ভারতীয় বোলাররাও সাফল্য পেয়েছেন বেশি। ইনিংসে ৫ উইকেট পাওয়ার ঘটনা তাদের ৫৫টি, ম্যাচে ১০ উইকেট ৯ বার। বাংলাদেশের সে অর্জন যথাক্রমে ৪৫ ও ৩। ভারতের ক্রিকেট ঐতিহ্য মাথায় রাখলে এটিই অবশ্য স্বাভাবিক।
** তবে দুদলের প্রথম ৯৭ টেস্ট শেষে জয়ের দিক থেকে দুই দলই কাছাকাছি। বাংলাদেশের জয় ৮টি আর ভারতের জয় ছিল ১০। তবে ভারত যেখানে ৫০টি টেস্ট ড্র করেছে, বাংলাদেশ সেখানে হেরেছিল ৭৪ ম্যাচে। 

** টেস্টে বাংলাদেশের প্রথম ড্র ষষ্ঠ টেস্টে, আর ভারতের সে অর্জন ছিল তৃতীয় টেস্টেই। আর দেশের বাইরে টেস্ট ড্রয়ে ভারত এগিয়ে অনেক, নিজেদের ষষ্ঠ টেস্টেই ইংল্যান্ডে টেস্ট ড্র করে এসেছে ভারত। বাংলাদেশের সে অর্জন ২৮তম ম্যাচে, জিম্বাবুয়ের বুলাওয়েতে।
** ভারতের প্রথম টেস্ট জয় এসেছে অভিষেকের দুই দশক পর, বাংলাদেশের অপেক্ষা করতে হয়েছে মাত্র পাঁচ বছর। তবে বাংলাদেশের অপেক্ষাটা ছিল ৩৫ টেস্টে, ভারত সেটা পেয়েছে ২৪ টেস্টে।
** তবে সেঞ্চুরির দিকে এগিয়ে বাংলাদেশই। অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন আমিনুল ইসলাম। ভারত সেঞ্চুরি পেয়েছে নিজেদের দ্বিতীয় টেস্টে। ডাবল সেঞ্চুরির দেখা পেতে অবশ্য ২৩ বছর অপেক্ষা করতে হয়েছে ভারতকে, বাংলাদেশের সে অপেক্ষা থেমেছে ১৩ বছরে। ইনিংসে ৫ উইকেট দুই দেশই পেয়েছে অভিষেক টেস্টে। ম্যাচে ১০ উইকেট বাংলাদেশে পেয়েছে পঞ্চম বছরে, ভারতের সে অপেক্ষা ছিল ২০ বছরের!

প্রথম টেস্ট হ্যাটট্রিকের দেখা পেতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ৬৯ বছর! ফাইল ছবি
প্রথম টেস্ট হ্যাটট্রিকের দেখা পেতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ৬৯ বছর! ফাইল ছবি


** একটা দিকে বাংলাদেশ এগিয়ে অনেক অনেক বেশি। প্রথম হ্যাটট্রিকের দেখা পেতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ৬৯ বছর! ৩৩৮তম টেস্টে এসে ভারতীয় কোনো বোলার পরপর তিন বলে উইকেট পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। আর বাংলাদেশ সেটা করেছে ৩ বছর ও ২৩তম টেস্টেই, অলক কাপালির হাত ধরে।
** একটা ব্যাপারে অবশ্য ভারতের সঙ্গে তুলনায় যেতে পারছে না বাংলাদেশ। ৭২ বছরের অপেক্ষা ফুরিয়ে ভারতকে প্রথম ট্রিপল সেঞ্চুরি এনে দিয়েছেন বীরেন্দর শেবাগ। সেটা এখনো করে দেখাননি কোনো বাংলাদেশি ব্যাটসম্যান। বাংলাদেশকে ৭২ বছর অপেক্ষা না করতে হলেই হয়!