কোথায় হারালেন সেই সোহাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগ গাজী
সোহাগ গাজী

কাগজে-কলমে ২৩ পূর্ণ করলেন গতকাল। বাংলাদেশে প্রায় সবারই তো দুটি করে জন্মদিন। তাঁর আসল জন্মদিনও কি এটাই? প্রশ্ন শুনে হাসলেন সোহাগ গাজী। যেটার উত্তর ‘হ্যাঁ’ হতে পারে, হতে পারে ‘না’ও। তবে এখন তো কাগজ-কলমেরটাকেই আসল ধরে নিতে হবে। তো এই জন্মদিনের চাওয়া? ‘আবার লোকের মুখে মুখে ফিরতে চাই...।’

তা লোকের মুখে মুখে ছিলেন বটে সোহাগ। ‘এলাম, দেখলাম, জয় করলাম’, তাঁর মতো করে আর কেউ দেখাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েই হইচই ফেলে দিয়েছিলেন। ক্রিস গেইলকে বোতলবন্দী করে রাখা, একের পর এক রেকর্ড, ইতিহাস গড়া, মনে হচ্ছিল আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে সহজ আর কিছু নেই। তিনি বল হাতে নিলেই গ্যালারির ‘গাজী গাজী’ চিৎ​কারে প্রকম্পিত হতো চারপাশ। মাঝে মাত্র কটা মাস, দুঃসময়ের ঝাপটায় বদলে গেছে ছবি। সোহাগকে নিয়ে চমক আর​ বিস্ময়গুলো দ্রুতই রূপ নিয়েছে হতাশায়। এখন আর লোকের মুখে মুখে ‘আছেন’ নন, ‘ছিলেন!’

বাংলাদেশ দলের সমান্তরালেই চলেছে সোহাগের দুঃসময়। শ্রীলঙ্কা সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এ বছর চারটি টি-টোয়েন্টি খেলেছেন, অবিশ্বাস্যভাবে উইকেট নেই একটিও। ওভারপ্রতি রান দিয়েছেন প্রায় নয়। ৬টি ওয়ানডে খেলে উইকেট ৪টি। রঙিন পোশাকে পারফরম্যান্স যেমন বিবর্ণ, সাদা পোশাকেও তেমনি ভীষণ সাদামাটা। ক্যারিয়ারের শুরুটায় টেস্ট ক্রিকেটেই আলোড়ন তুলেছিলেন সবচেয়ে বেশি। এ বছর দুটি টেস্ট খেলেছেন। প্রথমটিতে ৩৯ ওভার বোলিং করে ২ উইকেট ১৩০ রানে। পরেরটিতে এক টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড (২৬৮ রান) গড়ে ২ উইকেট, ৬৬.৫ ওভার বোলিং করে মেডেন পেয়েছিলেন মাত্র ৫ ওভার!

সোহাগের পারফরম্যান্সের পড়তিটা আসলে বোঝাতে পারছে না এই পরিসংখ্যানও। অনেক সময় ভালো বোলিং করলেও প্র​তিফলন পড়ে না উইকেটে। কিন্তু গত কিছুদিনে আসলেই ভালো বোলিং করতে পারেননি সোহাগ। শুরুর সেই ধার নেই। উইকেট না পেলে যে ব্যাটসম্যানকে উইকেটে বেঁধে রাখার চেষ্টা করবেন, দেখা যায়নি তেমন কিছুও। রান বিলিয়েছেন অকাতরে। মাঝামাঝি কিছু যেন নেই, খুব ভালো থেকে আচমকাই খারাপ! একই টেস্টে হ্যাটট্রিক ও সেঞ্চুরির ইতিহাস গড়া ক্রিকেটারের ব্যাটিংটাও আশার গান গাইতে পারেনি এ বছর। সবচেয়ে বেশি দৃষ্টিকটু লেগেছে অনেক সময় মাঠে সোহাগের শরীরী ভাষা। ফিল্ডিং তো তাঁর কখনোই দারুণ কিছু ছিল না। কিন্তু খারাপ সময়ে এসব যে আরও বেশি করে চোখে লাগে!

শুধু পারফরম্যান্সই নয়, প্রশ্ন উঠেছে আচরণ নিয়েও। অনুশীলনে ঢিলে​মি, যথেষ্ট মনোযোগ না দেওয়ার টুকটাক কিছু অভিযোগ উঠেছে। চন্ডিকা হাথুরুসিংহের চোখেও পড়েছে এসব। শোনা যাচ্ছে, নতুন কোচ তাতে খানিকটা নাখোশও। কে বলবে, এই ক্রিকেটারই টেস্ট ক্রিকেটে প্রথম বলে ছক্কা হজম করার পর অসাধারণ মানসিক শক্তির পরিচয় দিয়েছিলেন, অভিষেকে নিয়েছিলেন ৯ উইকেট। ওয়ানডে অভিষেকেও ৪ উইকেট নিয়ে গড়েছিলেন বাংলাদেশের রেকর্ড। এরপর গত অক্টোবরে এল স্বপ্নের মতো দুটি দিন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরির পরদিনই হ্যাটট্রিক। একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিক সেই প্রথম দেখেছিল টেস্ট ক্রিকেট। অথচ এই কদিনেই সেসবকে মনে হচ্ছে কোন সুদূর অতীত! দুর্দান্ত ওই শুরুর কারণে টেস্ট রেকর্ড এখনো যথেষ্ট ভালো। ১০ টেস্টে নিয়েছেন ৩৮ উইকেট, প্রথম ১০ টেস্ট শেষে তার চেয়ে বেশি উইকেট ছিল বাংলাদেশের আর কেবল মোহাম্মদ রফিকেরই (৪২টি)। ব্যাটিং-বোলিং মিলিয়ে গত বছর তিনিই ছিলেন বাংলাদেশের সেরা। কিন্তু এ বছর যে অন্য বছর!

দুঃসময়ের হাওয়ার তোড় অনুভব করছেন সোহাগ নিজেও। কিন্তু বুঝতে পারছেন না কারণ, ‘গত কিছুদিন আসলেই ভালো যায়নি। নিজেও বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। সব ক্রিকেটারেরই বাজে সময় আসে, হয়তো আমারটাও তেমন কিছু। এ ছাড়া ক্রিকেটীয় ব্যাখ্যা তেমন কিছু খুঁজে পাচ্ছি না। শুরুর দিকে যা করে সাফল্য পেয়েছি, আমি তো সেসবই করে গেছি।’

কারণ খুঁজে না পেলেও গোলমাল যে কিছু হচ্ছে, সেটা নিশ্চিতই। সোহাগের দাবি, সে জন্য ঘামও ঝরিয়ে যাচ্ছেন অনেক, ‘সাকলায়েন ভাই কিছু টিপস দিয়েছিলেন...কখনো দুঃসময় এলে কী করা উচিত। সে অনুযায়ী অনুশীলন করার চেষ্টা করেছি। খেলায় যেহেতু অনেক দিন বিরতি ছিল, বোলিংয়ে নতুন কিছু যোগ করার চেষ্টা করেছি। আশা করি ওয়েস্ট ইন্ডিজে এমন কিছু করব যে আবার লোকের মুখে মুখে আমার নাম ফিরবে।’

দলের এমন দুঃসময়, সেই সোহাগকে বড্ড বেশি প্রয়োজন বাংলাদেশেরও!