কোনটি ছাড়বেন নাজমুল?
তিনি একাধারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, একটি করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং একজন সাংসদও। একসঙ্গে তিনটি দায়িত্ব পালন করে কিছুটা যেন ক্লান্ত নাজমুল হাসান। গতকাল বিকেলে ধানমন্ডিতে নিজের কর্মস্থলে আইসিসির সভা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেই ক্লান্তির কথা বেরিয়ে এল তাঁর মুখ দিয়ে। একসঙ্গে তিনটি দায়িত্ব আর বেশি দিন পালন করা সম্ভব নয় জানিয়ে বললেন, ‘কিছু একটা তো ছাড়তেই হবে।’
কিন্তু কোনটি ছাড়বেন নাজমুল হাসান? সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান তনয় রাজনীতিতে আছেন পারিবারিক সূত্রে। আবেগের এই জায়গাটি ছেড়ে যাওয়ার সম্ভাবনা কম। বরং সংসদ সদস্য হিসেবে এলাকার কাজে সময় দিতে না পারায় একটু আত্মগ্লানিতেই ভুগছেন তিনি, ‘আমি চাকরি করি আবার একটি এলাকার সংসদ সদস্যও। আমাকে সংসদে যেতে হয়। কিন্তু বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমি এলাকার কাজে একদমই সময় দিতে পারছি না।’ অতৃপ্ত পেশাগত দায়িত্ব পালন নিয়েও, ‘চাকরিতে আগে যে পরিমাণ সময় দিতাম, এখন তার অর্ধেক সময় দিই।’
এ ছাড়া শারীরিক কারণেও এত দায়িত্ব পালন করাটা এখন কঠিন হয়ে পড়েছে বলে উপলব্ধি নাজমুল হাসানের, ‘আইসিসির সভা শেষ করে দুবাই থেকে মাত্র ফিরেছি। এখন আবার টেস্ট উপলক্ষে হায়দরাবাদে যাব। সেখান থেকে এসেই পেশাগত কাজে আবারও দেশের বাইরে যেতে হবে। অনেক বেশি ট্রাভেলিং করতে হচ্ছে আমাকে। এই বয়সে এত ট্রাভেলিং করা কঠিন।’
নাজমুল হাসানের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরে। এরপর নির্বাচনের মাধ্যমে ঠিক হবে নতুন বোর্ড সভাপতি ও নির্বাহী পর্ষদ। আগামী নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, জানতে চাইলে নেতিবাচক মনোভাব দেখান বর্তমান বোর্ড সভাপতি, ‘নিজের তরফ থেকে আমার না করার (নির্বাচন) সম্ভাবনাই বেশি।’
অবশ্য ক্রিকেটের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও শেষ কথা বলে কিছু নেই। নাজমুল হাসান শেষ পর্যন্ত তিন দায়িত্বের কোনটি ছাড়বেন, সেটি তাই আপাতত কৌতূহলের বিষয় হয়েই থাকছে।