কোনো সান্ত্বনাই নেই বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে আগের ম্যাচেই। পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড গড়ার পর কাল ছিল বাংলাদেশের মেয়েদের তৃতীয় হয়ে একটু সান্ত্বনা পাওয়ার ম্যচ। কিন্তু আরেকটি ব্যাটিং-ব্যর্থতায় সেটিও হলো না। শ্রীলঙ্কার কাছে শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছেন রুমানারা।

কালকের অলিখিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অজেয় রেকর্ডটি ধরে রাখতে পারলেই হতো বাংলাদেশের। কিন্তু সেটি করতে ব্যাটারদের তো রান করতে হবে! ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান বাংলাদেশের। ৪৯ বলে ৩৫ রান করেছেন ওপেনার সানজিদা ইসলাম। অন্য ওপেনার শামিমা সুলতানার ১৭ রান ২৬ বলে। শায়লা শারমিনের ২৫ রান এসেছে ৩৮ বলে। বাংলাদেশের ইনিংসে চার ছিল মাত্র ছয়টি।

শ্রীলঙ্কান অলরাউন্ডার চামারি আতাপাত্তু টি-টোয়েন্টিসুলভ ব্যাটই করেছেন। তিন চার ও দুই ছক্কায় ২৫ বলে ৩৯ রানে দলের জয়টা সহজ করেছেন তিনি। অন্য শ্রীলঙ্কান ব্যাটাররা তাই ধীরেসুস্থে খেললেও অসুবিধা হয়নি শ্রীলঙ্কার। রুমানা আহমেদ পরপর দুই বলে হানসিকা ও আতাপাত্তুকে আউট করলেও ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা শেষ হয়ে গেছে অনেক আগেই। সূত্র: ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ৯৩/৩ (সানজিদা ৩৫, শামিমা ১৭, শায়লা ২৫*, রুমানা ২, জাহানারা ৩*;  প্রবোধানি ০/১৮, বীরাকড়ি ১/২৩, রানাবীরা ০/৯, আতাপাত্তু ২/২৪, কৌশল্যা ০/১০, করুনারত্নে ০/৬)।

শ্রীলঙ্কা: ১৯ ওভারে ৯৭/৩ (মেন্ডিস ২৪, হানসিকা ১০, আতাপাত্তু ৩৯, সুরাঙ্গিকা ৯*, পেরেরা ৯*; খাদিজা ০/৯, জাহানারা ০/১২, রুমানা ২/৭, ফাহিমা ০/২৩, সালমা ০/৬, রিতু ০/১৮, পান্না ০/১৮)।

ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: চামারি আতাপাত্তু।