কোনো হিসাবই মেলেনি মাশরাফিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৪১/৭

বাংলাদেশ: ৪৪.৫ ওভারে ২৬৪

ফল: নিউজিল্যান্ড ৭৭ রানে জয়ী

ফলো থ্রুতে দারুণ ক্ষিপ্রতায় বলটিকে ধরে ফেললেন মাশরাফি। কাল ক্রাইস্টচার্চে অধিনায়কের মতো এমন ফিল্ডিংও কিন্তু হয়নি বাংলাদেশ দলের l এএফপি
ফলো থ্রুতে দারুণ ক্ষিপ্রতায় বলটিকে ধরে ফেললেন মাশরাফি। কাল ক্রাইস্টচার্চে অধিনায়কের মতো এমন ফিল্ডিংও কিন্তু হয়নি বাংলাদেশ দলের l এএফপি

আড্ডা দিতে সাকিব আল হাসানের কখনোই সমস্যা নেই। আড্ডার মধ্যে খেলার আলাপ তুললেই সমস্যা। সাকিব তখনই নীরব। এমনকি সেই নীরবতা ভাঙেননি কালও।
কাল কী এমন ঘটল যে সাকিব খেলা নিয়েও সরব হয়ে উঠবেন? আসলে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ৩৪১ রানের সর্বোচ্চ ইনিংস, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং; তিন বিভাগেই বাংলাদেশের ব্যর্থতা, সর্বোপরি প্রথম ওয়ানডেতেই ৭৭ রানের হারে সিরিজের বাকি ম্যাচগুলো নিয়েও তৈরি হওয়া শঙ্কা আড়ালে ফেলে দিয়েছে সাকিবের কৃতিত্ব।
নইলে ৫৯ রানের সঙ্গে বল হাতে ৩ উইকেট পাওয়া সাকিব আল হাসান কিছুটা হলেও তো আলোচনায় থাকার দাবি রাখেন। হতাশার এক ম্যাচে যা একটু ঔজ্জ্বল্য তো তাঁকে ঘিরেই!

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাকিববিষয়ক আলোচনার সূত্রপাত ঘটালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৩৪২ রানের লক্ষ্য পাওয়ার পরও বাংলাদেশ যেভাবে পরিকল্পনা সাজিয়েছিল, সাকিব শেষ পর্যন্ত থাকলে সেটা করে ফেলা অসম্ভব ছিল না বলেই মনে করেন অধিনায়ক, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য যে রকম সহজ ছিল, সাকিব থাকলে অন্য কিছুও হতে পারত।’ মাশরাফির বলে দেওয়ার দরকার পড়েনি, সেই অন্য কিছু মানে ‘জয়’।

স্কোরকার্ড দেখলে মনে হতে পারে নিউজিল্যান্ডের ৩৪১-এর জবাবে বাংলাদেশের ২৬৪ খারাপ কী? কিন্তু বাংলাদেশ যে ম্যাচ থেকে ছিটকে গেছে আরও আগেই! ড্রেসিংরুমে যখনই একটু আশার সঞ্চার হচ্ছিল, প্রতিবারই কোনো না কোনো ধাক্কায় সেটা মিলিয়ে গেছে। সাকিবের আউটে মুশফিকের সঙ্গে তার দাঁড়িয়ে যাওয়া জুটির ভাঙন সেগুলোরই একটা। এরপর মুশফিক তো চোট পেয়ে ইনিংস অসমাপ্ত রেখেই মাঠ ছাড়লেন। এই দুজন রানটা তিন শ পার করে দিলে শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপ দিতে পারত বাংলাদেশ। সে জন্য সাব্বিরের ব্যাটিংটা তো ছিলই। কিন্তু সাকিব, মুশফিক, সাব্বির—কেউই পারেননি ড্রেসিংরুম থেকে বুঝিয়ে দেওয়া হিসাব মিলিয়ে আসতে।

শেষ দিকে মোসাদ্দেকের লড়াই একটা ইতিবাচক দিক। তবে ওয়ানডেতে তাঁর প্রথম ফিফটি এই পর্যায়ের ক্রিকেটে মোসাদ্দেকের সম্ভাবনাটাই শুধু আরেকবার প্রকাশ করল। ম্যাচের গন্তব্য সেটা বদলাতে পারেনি। উল্টো আক্ষেপ—মাঠ ছেড়ে আসতে হলো পাঁচ ওভারের বেশি হাতে রেখে। উইকেট হাতে থাকলে এই কয় ওভারেও ৭০-৮০ রান করার লড়াই চালানো যায়।

নিউজিল্যান্ডের রানের পাহাড়ে ওঠায় বাংলাদেশের বোলারদের নির্বিষ বোলিং এবং খেয়ালি ফিল্ডিংয়েরই বেশি দায় দেখেন মাশরাফি। তবে টম ল্যাথাম আর কলিন মানরোর বিধ্বংসী ব্যাটিংও তিনি ভুলে যাচ্ছেন না। মাশরাফির চোখে ১৩৭ রানের ইনিংসটা ল্যাথাম নিজের সেরা ব্যাটিং করেই খেলেছেন। আর মানরোর ঝোড়ো ব্যাটিং নিউজিল্যান্ডের স্কোরটাকে নিয়ে গেছে বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে।

এত বড় লক্ষ্য তাড়া করে জিততে শুরুতেই পাল্টা একটা ঝড় লাগত। অনেক ম্যাচেই বাংলাদেশের ইনিংসে সেই ঝড় দেখা গেলেও কাল যেন কিছুই না হওয়ার দিন ছিল। দ্রুত রান তোলা দূরে থাক, উল্টো ৮১ রানে প্রথম ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস এগিয়েছে ধুঁকতে ধুঁকতে। ব্যাটিংবান্ধব উইকেটে বাংলাদেশের ব্যাটিংটা হয়েছে পুরোই এলোমেলো।

অথচ সকালে টসে হেরে বোলিং পেয়ে খুশি হয়েছিলেন মাশরাফি। তখন রোদ ছিল না হ্যাগলি ওভালে। ছিল কনকনে হাওয়া। এমন কন্ডিশনে আগে ব্যাটিং করতে চায়নি বাংলাদেশ। কিন্তু ওয়ানডেতে ল্যাথামের সর্বোচ্চ ইনিংস, পঞ্চম উইকেটে মানরোর সঙ্গে ১৫৮ রানের জুটি কেড়ে নিয়েছে সেই খুশি। বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে নিউজিল্যান্ডের নতুন রেকর্ড এই ১৫৮।

উইকেটে রান আছে আগেই বোঝা গিয়েছিল। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা সেটা কাজে লাগাতে পারলেও এ রকম উইকেটে বোলিংটা যেমন হওয়া উচিত, সেটাই বের হয়নি বাংলাদেশের বোলারদের হাত থেকে। ইনিংসের ষষ্ঠ ওভারে ওপেনার মার্টিন গাপটিলকে কাটারে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। দীর্ঘ চোট কাটিয়ে ফেরা বাঁহাতি পেসার কিছুটা হলেও আশা জাগিয়েছিলেন তখন। সেটাও টেকেনি বেশিক্ষণ। এ ধরনের উইকেটে ব্যাটসম্যানরা ভুল না করলে বোলারদের সাফল্য পাওয়া কঠিন। কিন্তু ব্যাটসম্যানদের ভুলের ফাঁদে তো ফেলতে হবে। সেই চেষ্টাটাই দেখা যায়নি কারও মধ্যে।

চেনা কন্ডিশনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চিন্তাটাই বরং ঠিক ছিল। সকালের কনকনে হাওয়া আর মেঘলা সময়টুকু তারা ব্যয় করেছেন উইকেট বোঝার কাজে। খেলা শুরুর ঘণ্টা খানেক পর ওঠা রোদে আস্তে আস্তে উইকেট শুকাতে থাকে। খোলস থেকে বের হতে থাকেন ব্যাটসম্যানরাও।

সে সুযোগ বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনেও ছিল। কিন্তু যেদিন হয় না, সেদিন যে কিছুই হয় না!